Tag Archives: কুবি শিক্ষার্থীকে মারধরের বিচার চেয়ে মানববন্ধন

কুবি শিক্ষার্থীকে মারধরের বিচার চেয়ে মানববন্ধন

 

শাহাদাত বিপ্লবঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ রুবেলকে মারধরের ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও কোন বিচার না হওয়ায় এর সাথে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভগের শিক্ষার্থীরা রুবেলকে মারধরের বিচার চেয়ে ‘ক্যাম্পাসে হামলা আর নয়, আর নয়; মেধাবীদের ক্যাম্পাসে কোন সন্ত্রাসীর জায়গা নেই; আমার ভাই হাসপাতালে ভর্তি কেন, প্রশাসন জবাব চাই’ এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনকে অবহিত করে এবং এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানায়। মানববন্ধনে বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় শিক্ষার্থীরা বলেন,‘রুবেলকে মারধরের ৬ দিন পেরিয়ে গেলেও আজও কোন দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যা খুবই লজ্জাজনক।’ শিক্ষার্থীরা ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে বলেন,‘সোমবার সকাল ১০ টার মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনে যাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।’

উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সামনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবেলের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চড়াও হয়। এসময় তার সঙ্গে অজ্ঞাতানামা আরও দুই থেকে তিনজন বেধড়ক মারধর করে। পরবর্তীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় মোটামুটি সুস্থ হয়। পরে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে সে গুরুতর অসুস্থ হয়ে অচেতন হলে বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স যোগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। এর পরে বুধবার (১৫ জানুয়ারি) ঐ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এনে বিচার চেয়ে রুবেলের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করে বিভাগটির শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,‘আমরা মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন তৈরি হয়ে গেছে। রেজিস্ট্রার বরাবর আমরা এ প্রতিবেদন জমা দেব। দ্রুত এ প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’