Tag Archives: খালেদা জিয়া

মেঘনা উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেঘনা উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে আজ ১৭ নভেম্বর জারি করা পৃথক চিঠিতে সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন (লন্ডনী) এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা লিখিত আবেদন করলে দলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। সেখানে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করে দল।

দলীয় এই সিদ্ধান্তে মেঘনা উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে মনোয়ার সরকারের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও মিছিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে হোমনা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “মোঃ মনোয়ার সরকার দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল সুসংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনোনয়ন পেলে বিএনপি এই আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।”

আরও বলা হয়, “দলের দুর্দিনে মনোয়ার সরকার যেভাবে পাশে ছিলেন, তেমনি দলের প্রতি তাঁর নিবেদন ও ত্যাগকে মূল্যায়ন করা সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান।”

মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

চৌদ্দগ্রামের নাশকতার মামলায়- khaleda zia

চৌদ্দগ্রামের নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া

চৌদ্দগ্রামের নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন এ রায় দেন। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

২০১৫ সালের ২৫ জানুয়ারি হরতালের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়েছিল। মামলার বাদী ছিলেন পুলিশ, আর আসামি করা হয়েছিল খালেদা জিয়াসহ মোট ৩২ জনকে।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানিয়েছেন, তদন্ত শেষে চার্জশিটে ৪২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে প্রমাণের অভাবে ৩৬ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ছয়জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

খালেদা জিয়ার আইনজীবী বলেন, “এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলা বলে প্রমাণিত হয়েছে।”

কুমিল্লায় নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইলজুড়ে হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তি হয়েছে বেশ কিছুদিন হল। দুয়েকদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হবে জানা গেছে। কে আসবে নতুন কমিটিতে তা নিয়ে বেশ সরব কুমিল্লার রাজনীতি। দুয়েকদিন ধরে নতুন আরেকটি ধারা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সাবেক সংসদ সদস্য  হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সমর্থনে তাঁর সমর্থিত নেতাকর্মীরা ফেসবুক প্রোফাইলে নিজেদের ছবি পরিবর্তন করে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে। নতুন কমিটিতে হাজী ইয়াছিনকে পুনরায় আহ্বায়ক হিসেবে দেখার জন্যই নেতাকর্মীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়।

হাজী আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির পিছনে একাধিক কারণ থাকলেও হাজী ইয়াছিনের কর্মকান্ড ছিল ইতিবাচক। তাই নেতাকর্মীরা তাকে পুনরায় এই  কমিটিতে দেখতে চান। তারা বলেন- হাজী ইয়াছিন ভাই ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ৫ আগষ্টের পর অনেকের বিরুদ্ধে বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। কিন্তু সেখানে হাজী ইয়াছিন ভাই ব্যতিক্রম। যার বিরুদ্ধে একটাও অভিযোগ নাই। বিগত ১৫ বছরে দলের দু:সময়ে তিনি সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের পাশে তিনিই ছিলেন। সুসময়ের পাখিদের দিয়ে যেন নতুন কমিটি না করা হয়। আমরা হাজী ইয়াছিনকে চাই। নতুন কমিটিতে নেতৃত্বে তিনিই থাকবেন । হাজী ইয়াছিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত সময়ে যারা এমপি বাহারের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা হাজী ইয়াছিনকে বাদ দিতে ষড়যন্ত্র করছে। কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নাই। সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নেতা হাজী ইয়াছিনের ছবি দিয়েছি।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া-তারেক রহমানসহ সকলে খালাস পেলেন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া-তারেক রহমানসহ সকলে খালাস পেলেন

ডেস্ক রিপোর্ট:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত।

এ মামলায় ১০ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা করেন দলটির আইনজীবীরা।

তারা জানান, জিয়া পরিবারকে হেনস্তা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র, সাক্ষ্যপ্রমাণে কোথাও বেগম জিয়াসহ আসামিদের দুর্নীতি অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি।

মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সলিমুল হকের আইনজীবী। এরমধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি।

উল্লেখ্য, ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলাকালীন, খালেদা জিয়া এবং তার পরিবার ও দলের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়, যার মধ্যে অন্যতম অভিযোগ ছিল, তার নেতৃত্বে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করা হয়েছে। আদালতে এই অভিযোগ প্রমাণিত হলে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর মামলা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়।

দীর্ঘ এক যুগ পর

দীর্ঘ এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দীর্ঘ এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর মাধ্যমে ২০১৮ সালের পর প্রথমবারের মতো কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপি প্রধান। সর্বশেষ ২০১২ সালে তিনি সেনাকুঞ্জে অংশ নিয়েছিলেন। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আরও কয়েকজন নেতা সেখানে অংশগ্রহণ করেছিলেন।

২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর এই প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে দেখা যাবে খালেদা জিয়াকে। সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন তিনি।

এবার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যা ২০০৯ সালের পর প্রথমবার। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ জন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন।

জানা গেছে, তিনি প্রথমে লন্ডনে তার ছেলে তারেক রহমানের কাছে যাবেন। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে।

লন্ডন থেকে পরে তাকে একটি তৃতীয় দেশে নিয়ে গিয়ে একটি ‘মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করার পরিকল্পনা রয়েছে, যা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।

সূত্র: যুগান্তর

বিদেশ যেতে পারবেন না খালেদা, মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক রাজধানীর সচিবালয়ে বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগের দুটি শর্তেই দণ্ডের মেয়াদ ৬ মাস বাড়ানোর আবেদনে ইতিবাচক মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে তিনি বিদেশ যেতে পারবেন না।

এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেছিলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তাকে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করার অনুমতিও দিয়েছিলাম। ডাক্তার তাকে চিকিৎসাও করেছিলেন, ডাক্তার তাকে সুস্থও করেছেন।

কেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া যাবে না, সেই প্রশ্নে পুরোনো ব্যাখ্যা তুলে ধরে মন্ত্রী বলেন, একটা জিনিস আমি বুঝতে পারছি না। বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়েছি। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার বাইরে গিয়ে আমাদের কিছু করার নেই। তারপর প্রতিবারই তারা প্রথম যে চিঠি লিখেছিল সেই আকারেই আবেদন করছে।

সরকারপ্রধান চাইলে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, সরকারপ্রধান মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি যেহেতু এটা নিষ্পত্তি করে দিয়েছেন, এখন এটা পরিবর্তন করার আইনি কোনো বিধান নেই।

তিনি আরও বলেন, সরকার প্রধানকে আইনের ভেতরে থেকে মানবিক বিবেচনা করতে হবে। আইনের বাইরে গিয়ে তিনি মানবিক কারণ দেখাতে পারবেন না। প্রথম বার থেকেই মানবিক কারণে খালেদা জিয়াকে জামিন (নির্বাহী আদেশে সাময়িক মুক্তি) দেওয়া হচ্ছে। এখন সেই মেয়াদ বারবার রিনিউ হচ্ছে, সেটা কিন্তু মানবিক কারণেই হচ্ছে।

গত ৬ মার্চ পরিবারের পক্ষে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। গতকাল রোববার সন্ধ্যায় তিনি বলেন, আবেদনপত্রে ম্যাডামের স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। ম্যাডামের ছোটভাই (শামীম ইস্কাদার) অসুস্থ থাকায় আমি চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছি। আবেদনপত্রে শামীম ইস্কাদার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আদালত। সেই থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি। পরে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে ২০২০ সালের ২৫ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

প্রথমটি হলো, তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় শর্তটি হলো, তিনি বিদেশ যেতে পারবেন না। তখন করোনাভাইরাস মহামারির মধ্যে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মেয়াদ শেষ হচ্ছে ২৪ মার্চ। এবার নবম বারের মতো মুক্তির মেয়াদ বাড়ছে খালেদা জিয়ার।

আগামী বছর ১৪ জানুয়ারি খালেদা জিয়ার ১১ মামলার শুনানি

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় শুনানির তারিখ পিছিয়ে আগামী বছরের ১৪ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাগুলো শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ জন্য খালেদা জিয়ার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। সব মামলার কার্যক্রম খালেদা জিয়ার পক্ষে স্থগিত করেছেন হাইকোর্ট। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। এদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহণের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন মারা যান।

ওই ঘটনায় পরের দিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এ ছাড়া ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা করা হয়। এই আট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট:

প্রায় ৭৮ দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে একাধিকবার সুপারিশ করলেও ‘আইনি জটিলতায়’ তা সম্ভব হচ্ছে না। তবে এবার খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আসছে ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন চিকিৎসক আসবেন। তবে, এই নিয়ে সরকার ও বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম জানান, ‘এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না। আগামীকাল অফিসে গিয়ে দেখে বলতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানায়, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি ২ মাসের অধিক সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে।’

বিএনপি সূত্র জানান, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকেই চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুত চিকিৎসকরা ঢাকায় আসবে।

জানা গেছে, যে তিনজন চিকিৎসক আসছেন তারা হলেন ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব।

সূত্র: ঢাকাপোষ্ট