Tag Archives: গুলিবিদ্ধ

নিজের রিভলভার পরিষ্কার

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা গোবিন্দা নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাতসকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে, যা নিজের রিভলভার থেকে বেরিয়েছিল। এরপর তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, সেই সময় গোবিন্দা, যিনি শিবসেনা নেতা হিসেবেও পরিচিত, বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তিনি তার বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছিটকে বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান গোবিন্দা এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গত ৫ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাব্বির দেবিদ্বার পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।

জানা যায়, ৫ আগস্ট সারাদেশের মতো দেবিদ্বার উপজেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে একটি পুলিশের পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরে থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ গুলি চালায়। এতে প্রায় ৬০ জন ছাত্র ও জনতা আহত হয়। সেই সময় সাব্বিরও পুলিশের গুলিতে মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাব্বির বাড়ি ফেরেন।

কিন্তু বাড়ি ফেরার পরদিনই, শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বির মারা যান। তার মৃত্যুতে পুরো দেবিদ্বার উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সাব্বিরের মা রিনা বেগম জানান, দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে শুক্রবার তিনি তার ছেলেকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরের দিনই ছেলেকে হারাতে হলো। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা, সীমান্তের ওপারে চলছে বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে বেতবুনিয়া রাইট ক্যাম্প দখলে নিতে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। এ গোলাগুলির মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে ৪০০ চাকমা। আর ইতোমধ্যে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) ৯৮ জন সদস্য।

আজ সোমবার সকাল থেকে মিয়ানমার সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে। আরাকান আর্মির আক্রমণের মুখে বিজিপির ৯৮ জন সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন। বিজিবি পাহারায় গুলিবিদ্ধ ৯ জন বিজিপি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশে দুজন নিহত হয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপায়তলী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন রোহিঙ্গা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর জলপায়তলীর ইউপি সদস্য শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা খাদ্যাভাব এবং নিরাপত্তার ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, মিয়ানমারে দেশটির সরকারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে।

এদিকে, সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

আজ সকালে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত মিয়ানমারের বিজিপির ৯৮ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

এদিকে, আজ বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সঙ্গে ৩ শিশু রয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিজিবি সদস্যরা সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রয়েছে ২৭১ কিলোমিটার সীমান্ত। এর বড় অংশ বান্দরবান ও কক্সবাজার জেলায়। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত–সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মিসহ কয়েকটি গোষ্ঠী।

শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ জন গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শনিবার (৪ নভেম্বর) সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভ্যানচালকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয় তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ভ্যানচালক আমিরুল (৪৫), শামীম (২৪) ও তার খালাতো ভাই তাইজুল ইসলাম (২৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয় তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হতে থাকে। পরে শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এ সময় এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকেই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, আমি বাইপাইল থেকে ১২০ টাকা ভাড়ায় একজনকে নিয়ে ছয়তলায় যাই। সেখানে গিয়ে শ্রমিক আন্দোলনের মুখে পড়ি। এসময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমি গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

আমিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় রড মিস্ত্রি সোহেল বলেন, আমি দেখলাম ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। পরে আমিসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসি।

গুলিবিদ্ধ তাইজুল ইসলাম বলেন, আমার মা নিউ এইজ কারখানায় চাকরি করেন। তিনি সকালে কারখানায় চলে যান। পরে আমি আমার মায়ের খোঁজে সড়কে বের হই। সড়কে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর মোবাইলে কথা বলছিলাম। এসময় আমি ও আমার খালাতো ভাই গুলিবিদ্ধ হই। পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. জয় ভট্টাচার্য বলেন, সকালে তিনজন আমাদের হাসপাতালে আসেন। তারা স্প্লিন্টারের ইনজুরি নিয়ে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাবার বুলেট ছুড়েছি। কিন্তু কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি।