Tag Archives: চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ী স্বামীকে দেখতে এসে ইয়াবাসহ স্ত্রী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০০ পিস ইয়াবাসহ মোসা: পাখি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া দূর্গাপুর গ্রামের মো: বিল্লাল মিয়ার স্ত্রী। সোমবার দুপুরে থানা ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোসা: পাখি আক্তারের স্বামী মো: বিল্লাল মিয়াকে (৪০) ৫কেজি গাঁজাসহ আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সোমবার সকালে বিল্লাল মিয়াকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে আসামী বিল্লালের স্ত্রী পাখি আক্তার তার সাথে দেখা করতে থানায় আসে। এসময় বিল্লাল মিয়ার জন্য নিয়ে আসা কাপড়-চোপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবাসহ পাখি আক্তারকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, “৫ কেজি গাঁজাসহ আটক বিল্লাল নামের এক আসামীকে দেখতে আসা তার স্ত্রীর গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে সকল আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে, তাদেরকে সামাজিকভাবে বয়কট!

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের পারিবারিক ও সামাজিক সকল অনুষ্ঠান বর্জন করেছে। ফলে পাল্টে গেছে এলাকার চিত্র। মাদক ব্যবসায়ীরা এখন এই ব্যবসা ছেড়ে কেউ প্রবাসে কেউবা ভিন্ন পেশায় যোগ দিচ্ছেন।

মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করে এলাকার বিভিন্ন মসজিদে ঝুলিয়ে দেয়া হয়েছে। জুম্মার নামাজের খুতবায় মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়াসহ মাদক ব্যবসায়ীদের সকল অনুষ্ঠান বর্জন করা হচ্ছে। এমন কিছু উদ্যোগ নিয়েছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা চৌদ্দগ্রামের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে নানা রকম সচেতনতা মূলক কর্মকান্ড করা হয়েছে।যার ফলে অনেকটাই পাল্টে গেছে এই এলাকার দৃশ্যপট।

চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান বলেন, আমার এই এলাকায় মাদকের ছড়াছড়ি ছিল। কিন্তু বর্তমানে এই এলাকা অনেকাংশে মাদকমুক্ত হয়েছে।এইভাবে অব্যাহত থাকলে এই অঞ্চল পুরোপুরিভাবে মাদকমুক্ত হয়ে যাবে।

উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটসহ প্রতিরোধ গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে তা সামাজিক সচেতনতা সৃষ্টি করছে বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের বয়কট করার যে উদ্যোগ নেয়া হয়েছে, এরফলে তা তাদেরকে এই ব্যবসা থেকে বিরত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণের মাঝে যে সচেতনতা তৈরি হয়েছে তা প্রশংসার দাবিদার।

প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকলস্তরের মানুষের মধ্যে সচেতনতাতেই মাদক পুরোপুরি নির্মূল সম্ভব বলে মত সাধারণের।