Tag Archives: ড. মুহাম্মদ ইউনূস

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ এক যুগ তিনি এই অনুষ্ঠানে আসার সুযোগ পাননি। আমরা গর্বিত যে তাকে এই সুযোগ দিতে পেরেছি। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ এই দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেল সাড়ে ৩টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর শেষে দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যান। এরপর ২০২০ সালে করোনা মহামারির মধ্যে নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসমক্ষে অনুষ্ঠানে যোগ দেননি।

ফলে, প্রায় ছয় বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়া। সবশেষ ২০১২ সালে তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর আগে, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় তাকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল।

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. মুহাম্মদ ইউনূস

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন যে, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। তিনি জুলাই-অগাস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের স্মরণ করেন, যাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

তিনি উল্লেখ করেন যে, যারা সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, কেননা তিনি শত কর্মব্যস্ততার মাঝেও নির্বাচনী পর্ষদ উদ্বোধন করতে এসেছেন।

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনীর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। পরবর্তী সময়ে তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

রোহিঙ্গা সংকট সমাধানে

রোহিঙ্গা সংকট সমাধানে ড. মুহাম্মদ ইউনূসের ৩ প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে ড. মুহাম্মদ ইউনূসের তিন প্রস্তাব

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে ড. মুহাম্মদ ইউনূস তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবগুলো হলো:

১. জাতিসংঘ মহাসচিব যেন যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকট নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেন, যেখানে সব স্টেকহোল্ডার উপস্থিত থাকবে। এই সম্মেলনের মাধ্যমে সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভাবনী সমাধানের পরামর্শ প্রদান করা উচিত।

২. জাতিসংঘ এবং বাংলাদেশ যে যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান আছে, সেটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। স্লাইডিং ফান্ডিং এর বাস্তবতায় রিসোর্স বাড়ানোর জন্য রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে।

৩. আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যায়বিচার ও জবাবদিহির প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আশা করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনতে পারবেন। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিকার মিয়ানমারের দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি।

বৈঠকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে উল্লেখ করেন যে, রোহিঙ্গা জনগণের মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার রক্ষার লক্ষ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করার জন্য তার সরকারের পূর্ণ অঙ্গীকার রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ মিয়ানমার থেকে ১.২ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং প্রতি বছর শিবিরগুলোতে প্রায় ৩২ হাজার নবজাতক জন্মগ্রহণ করছে। গত দুই মাসে আরও ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই বৃহৎ জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ব্যয়ের যে চাপ সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গুরুতর।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ মানবিক দিক বিবেচনায় বা ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার রেখে কাজ করলেও, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান।

ড. মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি ও বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনার পরবর্তী তারিখ আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বুধবার ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলাটিতে ব্যক্তিগত হাজিরা থেকে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মো. ইউনূসকে অব্যাহতি ও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক তার আবেদন মঞ্জুর করেছেন। তবে আইনজীবীর মাধ্যমে তাকে হাজিরা দিতে হবে। এছাড়া যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়া পরবর্তী তারিখ আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

গত ৬ জুন ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অন্যরা হলেন-এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও শাহজাহান।

৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর ড. ইউনূস আপিল বিভাগে আবেদন করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

রায় বাতিল, হাইকোর্টে জিতলেন ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে, নিম্ন লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চ রুল খারিজ করে এ আদেশ দেন। ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে হাইকোর্টের দেওয়া রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে গত ৩ এপ্রিল রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পরে সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।

ড. মুহাম্মদ ইউনূসের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটে তৃতীয় শ্রম আদালতের জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার এজলাস কক্ষে এই তারিখ ঘোষণা করেন।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন অইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুনানি শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে।

এ সময় ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি ৩ বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনুসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এতে ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানকে বিবাদী করা হয়।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইন ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে দুদক ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

জিজ্ঞাসাবাদ শেষে দুদক ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদকে) তলবে বক্তব্য দিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সংস্থাটির কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে ১১টার পর তিনি দুদক অফিস থেকে বের হয়ে যান।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে দুদক।

তলবের নোটিশে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম কম্পানির পরিচালনা পর্ষদসহ ১৩ জন আসামির বিরুদ্ধে ২৫.২২ কোটি টাকা মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। আগামী ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপর্যুক্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকার্যে সহযোগিতা করতে আপনাকে অনুরোধ করা হলো।

চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।