Tag Archives: যুদ্ধ

ইরান যুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, খরচ কত?- আল জাজিরার এক্সপ্লেইনার

ডেস্ক রিপোর্ট:
ইরানে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের উত্তেজনা প্রবেশ করেছে নতুন পর্যায়ে।

শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ওই হামলা দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সংঘাতের সূচনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে তাদের সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধ দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে পারবে? এবং এর সম্ভাব্য ব্যয় কত হতে পারে?

অপারেশন ‘এপিক ফিউরি’ কী?

২৮ ফেব্রুয়ারি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা আট মিনিটের এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ‘একটি বড় ধরনের সামরিক অভিযানে’ অংশ নিয়েছে।

পরে পেন্টাগন জানায়, এই মিশনের নাম দেয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

ট্রাম্প বলেন, ‘অভিযানের লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।’

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর থেকে ইরানে ১ হাজার ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পৃথক এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের ১১টি জাহাজে হামলা চালিয়ে ধ্বংস করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে বিমান হামলা, সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক-সম্পর্কিত স্থাপনা ও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ ব্যক্তিদের ওপর সমন্বিত আক্রমণ অন্তর্ভুক্ত ছিল।

১৯৮৯ সাল থেকে নেতৃত্বে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে প্রথম দফার মার্কিন-ইসরাইলি হামলায় নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যেই সোমবার (২ মার্চ) ট্রাম্প ঘোষণা দেন, প্রয়োজন হলে যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। সোমবার পর্যন্ত ইরানের রেড ক্রিসেন্ট জানায়, ইরানজুড়ে ১৩০টি স্থানে হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।

২০২৩ সাল থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কত ব্যয় করেছে?

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ‘কস্টস অব ওয়ার’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রায় ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।

এছাড়া ইয়েমেন, ইরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে ইসরাইলকে সমর্থন জানিয়ে মার্কিন সামরিক অভিযানে ৯ দশমিক ৬৫ বিলিয়ন থেকে ১২ দশমিক ০৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

সব মিলিয়ে, সংশ্লিষ্ট সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩১ দশমিক ৩৫ বিলিয়ন থেকে ৩৩ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এবং তা আরও বাড়ছে।

ইরান যুদ্ধে কোন অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে?

সেন্টকম-এর তথ্য অনুযায়ী, অপারেশন এপিক ফিউরিতে আকাশ, সমুদ্র, স্থল ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী মিলিয়ে ২০টিরও বেশি অস্ত্রব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

মার্কিন বাহিনী জানায়, ইরানের ভেতরে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে ২০টির বেশি ভিন্ন অস্ত্রব্যবস্থা।

আরও পড়ুন: ইরানে হামলা নিয়ে এবার মুখ খুললো উত্তর কোরিয়া

সেন্টকমের সাবেক অপারেশনস পরিচালক কেভিন ডোনেগান আল জাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এখন লক্ষ্য হলো ইরানের আক্রমণাত্মক সক্ষমতাকে যত দ্রুত সম্ভব দুর্বল করা, যাতে তারা আর ব্যাপক ক্ষতি করতে না পারে।’

এয়ার পাওয়ার অভিযানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে মার্কিন বিমান শক্তি, যার মধ্যে রয়েছে:

বি-১ বোমারু বিমান, বি-২ স্টেলথ বোমারু বিমান (গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলায় ব্যবহৃত), এফ-৩৫ লাইটনিং টু ও এফ-২২ র‌্যাপ্টর স্টেলথ যুদ্ধবিমান, এফ-১৫ যুদ্ধবিমান (কুয়েতে তিনটি বিধ্বস্ত হয়েছে), এফ-১৬ ফাইটিং ফ্যালকন, এফ/এ-১৮ সুপার হর্নেট এবং এ-১০ অ্যাটাকার জেট।

এছাড়াও ব্যবহার করা হয়েছে, ইএ-১৮জি গ্রাউলার (শত্রু পক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরা করা ও ইলেকট্রনিক হামলায় ব্যবহৃত), এডব্লিউএসিএস বিমান (কমান্ড ও নিয়ন্ত্রণ সহায়তায়), ড্রোন ও দূরপাল্লার হামলা-ব্যবস্থা, লুকাস ড্রোন (ইরানি নকশা থেকে রিভার্স-ইঞ্জিনিয়ার করা স্বল্পমূল্যের একমুখী ড্রোন) এবং এমকিউ-৯ রিপার ড্রোন।

ইরানের বিরুদ্ধে অভিযানে আরও ব্যবহার হচ্ছে এম-১৪২ হিমার্স রকেট আর্টিলারি, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, থাড (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) এবং কাউন্টার-ড্রোন সিস্টেম।

নৌ-শক্তি ,ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক নৌ-শক্তিও ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে:
বিমানবারী রলণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিংকন-এর নেতৃত্বে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, পি-৮ পোসেইডন নজরদারি বিমান, সি-১৭ গ্লোবমাস্টার, সি-১৩০ হারকিউলিস ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার।

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে?

চলমান সামরিক অভিযানের মোট খরচ কত হবে তা এখনই বলা কঠিন। বিশেষজ্ঞদের মতে, নতুন করে শুরু হওয়া এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে তা এখনই বলা সম্ভব নয়।

স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ক্রিস্টোফার প্রেবল আল জাজিরাকে বলেন, ‘পেন্টাগন সেই তথ্য (খরচের) প্রকাশ করেনি, এবং তাই আমরা কেবল অনুমান করতে পারি… তবে অনেক তথ্য আছে এবং আমরা পৃথক অস্ত্রের দাম সম্পর্কে অনুমান করতে পারি। অভিযানের খরচ, নৌ অভিযান সম্পর্কে অনুমান করা যায়।’

সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরির প্রথম ২৪ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় করে থাকতে পারে। হামলার আগে সামরিক প্রস্তুতি, বিমান স্থানান্তর, এক ডজনের বেশি নৌযান মোতায়েন ও আঞ্চলিক সম্পদ সক্রিয়করণ মিলিয়ে অতিরিক্ত ৬৩০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির মতে, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে দৈনিক প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার খরচ হয়। এছাড়া সরঞ্জাম হারানোর ব্যয়ও রয়েছে।

এরমধ্যে কুয়েতে এক ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনায় অন্তত তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে বিশেষজ্ঞদের মতে, বড় উদ্বেগ অর্থনৈতিক নয়, বরং অস্ত্রভাণ্ডারের মজুত। প্রেবল বলেন, ‘ব্যয় (যুদ্ধের) বহন করা সম্ভব। আমি বলতে চাইছি, যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট রয়েছে এবং ১.৫ ট্রিলিয়ন ডলারে যাওয়ার অনুরোধ আছে, যা আমার কাছে ভয়াবহ মনে হলেও প্রেসিডেন্ট এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

কিন্তু প্রশ্ন হলো অস্ত্রের প্রকৃত মজুত, বিশেষ করে প্যাট্রিয়ট বা এসএম-৬ এর মতো ইন্টারসেপ্টর রকেট। প্রেবল সতর্ক করে বলেন, উচ্চ হারে প্রতিরোধ অভিযান অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার মতে, ‘বর্তমান গতিতে ইন্টারসেপশন অভিযান দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়, সম্ভবত কয়েক সপ্তাহের বেশি নয়।’

স্টিমসন সেন্টারের এই সিনিয়র ফেলো আরও উল্লেখ করেন, জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময়ও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইন্টারসেপ্টর মজুত কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্রের কিছু ইউক্রেন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্যও নির্ধারিত।

ক্রিস্টোফার প্রেবল বলেন, ‘প্যাট্রিয়ট বা এসএম-৬ অত্যন্ত জটিল সরঞ্জাম। এগুলো প্রতিদিন শত বা হাজার সংখ্যায় উৎপাদন করা হয় না। উৎপাদনের গতি সীমিত।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে: ট্রাম্প

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে হবে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বলেছেন, আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেনের বিষয়েও কঠোরভাবে কাজ করতে যাচ্ছি। এটি থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটি রিপোর্ট দেখেছি। গত তিন দিনে হাজার হাজার লোক নিহত হয়েছে। তারা সেনা হতে পারে, তবে তারা সেনা হোক বা শহরে বসে থাকা সাধারণ মানুষ হোক—এটি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।

এছাড়া, মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ সত্যিই একটি আশ্চর্যজনক কিছু দিয়েছেন। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়… আমরা সব সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।

গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প দাবি করেছেন যে দেশটি এখন ভালো কিছু করছে। এ নিয়ে ট্রাম্প বলেন, এখন একটি বিষয় হলো স্পিকার, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিত—আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু হওয়া উচিত।

এবারের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি দেশটির কংগ্রেসের উভয়কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

স্বাধীন রাষ্ট্র গঠন ফিলিস্তিনিদের অধিকার: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তুরস্কের সরকার পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি মনে করি গাজায় যা ঘটছে, তা গণহত্যা। তাই আমরা কখনই এটিকে সমর্থন করি না। ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার ও তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে। সেখানে যা ঘটছে তা খুবই দুঃখজনক। তাই আমাদের উচিত তাদের সাহায্য করা এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।

শেখ হাসিনা বিশ্বনেতাদের প্রতি ‘ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত শিশু, নারী ও জনগণকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এরই মধ্যে তাদের জন্য কিছু সহায়তা পাঠিয়েছে।

দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনই এ ধরনের আক্রমণকে সমর্থন করেনি।

তিনি আরও বলেন, ১৯৬৭ সালের জাতিসংঘ প্রস্তাবে দুটি রাষ্ট্রের তত্ত্ব রয়েছে। এটি বাস্তবায়ন করা উচিত।’

এই যুদ্ধ-অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

এই যুদ্ধ-অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

যুদ্ধ ও অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নে ব্যয় করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বে একের পর এক যুদ্ধ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে ইসরাইল। দুই পক্ষেরই শিশু নিহত হয়েছে। গতকাল দেখলাম হাসপাতালে আক্রমণ হয়েছে। সেখানেও শিশু মারা গেছে। আমি বিশ্বনেতাদের বলবো, এই যুদ্ধ বন্ধ করুন। অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। এই যুদ্ধের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। আমরা সেটা জানি। যুদ্ধের ফলে শিশু হারায় বাবা-মা, বাবা-মা হারায় সন্তানদের। ১৯৭১ ও ১৯৭৫ এ আমরা এই ভয়াবহতা দেখেছি। আজকে আমাদের এখানে তাপস আছে, তার শিশু বয়সেই বাবা-মা হারিয়েছে।

তিনি বলেন, অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নের ব্যয় হোক, আমরা চাই। যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ধ্বংস করে। আমরা শান্তি চাই।

শেখ হাসিনা জানান, আমার ছোট্ট রাসেলের মতো আর যেন কাউকে জীবন না দিতে হয়, এটাই আমি চাই। এসময় কবি সুকান্তের কবিতাও আবৃত্তি করেন প্রধানমন্ত্রী।

তিনি জানায়, শিশুদের স্বাধীন দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের নিয়ে এই সংগঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষ সব মানুষকে মানুষের দৃষ্টিতে দেখা এবং অটিস্টিক বা পিছিয়েপড়াদের আরও এগিয়ে নিতে হবে, এটাই এই সংগঠনের লক্ষ্য।

৭১ সালের বন্দিজীবনের স্মৃতিচারণ করে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালে আমরা যখন বন্দি ছিলাম, একবার চেষ্টা করেছে ভেতরে এসে আমাদের ওপর হামলা করতে। একটা ছোট্ট তার আমাদের বাঁচিয়ে দেয়। একটা কাপড় ঝোলানো তারের সঙ্গে লেগে সে অফিসার পড়ে যায়, পরে সে ফিরে যায়। পরে কর্নেল অশোক আসে। সেদিনটি ছিল ১৮ তারিখ।

তিনি বলেন, ছোট্ট শিশুরা দ্রুত শিখে ফেলে। আমাদের বুড়োদের হয়তো দেরি হয়। এসময় প্রধানমন্ত্রী নিজের নাতির স্মৃতিচারণ করে বলেন, আমাদের এই শিশুরাই আগামী স্মার্ট বাংলাদেশের দক্ষ সৈনিক হবে।

শিশুদের উদ্দেশে শেখ হাসিনা জানান, আজ তোমরা যারা শিশু এখানে আছো, বাবা-মার কথা শুনবে। ঠিকমতো লেখাপড়া করবে। লেখাপড়া ছাড়া মানুষ বড় হতে পারে না। আমাদের ছেলেদেয়েদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে, আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো।

তিনি বলেন, আমরা শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। এজন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আমাদের টার্গেট।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পর থেকে আমার প্রচেষ্টা ছিল বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত করবো। ছোট্ট শিশুদের জন্য পর্যাপ্ত স্কুল করে দেওয়া, বই দেওয়া, খেলাধুলার ব্যবস্থা করা, এসবের মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে সহযোগিতা করেছি। ছোটবেলা থেকে যেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চার অভ্যাস হয়, সে ব্যবস্থা করেছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্দিখানার পাশে রাসেল প্যারেড দেখেছে। গ্রামের বাড়ি গিয়ে বাচ্চাদের নিয়ে সে প্যারেড করতো। বাচ্চাদের পুরস্কারও দিতো। তার জীবনের বড় স্বপ্ন ছিল- সে বড় হয়ে আর্মি অফিসার হবে। কিন্তু তার সে স্বপ্ন তো পূরণ হতে দিলো না।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের সভাপতিত্বে ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব সামসুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাত, সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।

অনুষ্ঠানে ‘স্মরণের আবরণে শেখ রাসেল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে রাসেলের স্মৃতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল (অব.) অশোক কুমার তারা’র ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

জাতির পিতার কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও নির্মমভাবে তাকেও হত্যা করা হয়।

শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

‘হিজবুল্লাহ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরাইল’

‘হিজবুল্লাহ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরাইল’

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের অধিকৃত তিন স্থানে বোমা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে লেবাননেও পালটা ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের সংবাদমাধ্যম হারেতজের সাংবাদিক জিডিওন লেভি বলেছেন, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ হামাস-ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে ইসরাইল বিপাকে পড়বে।

ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ কথা বলেন তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ইসরাইলিদের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে গাজা উপত্যকায় হামলা চালালে এবং কোনো স্থল আক্রমণ শুরু করার অর্থ এই সংঘর্ষ অন্য দিকে মোড় নেবে।

জিডিওন লেভি জানান, আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হব, যদি ইসরাইলকে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়। এবং সম্ভবত তিনটি, যদি অধিকৃত পশ্চিম তীরও দৃশ্যপটে চলে আসে। এটি একটি নতুন ‘খেলা’ এবং ইসরাইল এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে, যা এর আগে কখনো হয়নি।

এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় ইসরাইলের দখল করা তিনটি স্থানকে লক্ষ্য করে হামলা চালাই। রাডার সাইট, জিবদিন এবং রুওয়াইসাত আল-আলম’ এ ব্যাপক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে বোমাবর্ষণ করা হয়েছিল।

এর পর লেবানন সীমান্তে ড্রোন হামলা চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তাদের একটি ড্রোন লেবাননের সীমান্তে মাউন্ট ডোভ এলাকায় ‘হিজবুল্লাহর একটি অবকাঠামোতে আঘাত করেছে।’

লেবাননের রাজধানী বৈরুত থেকে আলজাজিরার প্রতিবেদক জেইনা খোদর বলেছেন, ইসরাইলের উত্তর দিকে হিজবুল্লাহর হামলা ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান উত্তেজনাকে আরও খারাপ করতে পারে।

তিনি আরও জানান, ‘লেবাননের সব সশস্ত্র গোষ্ঠীকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। লেবাননে হামাসের মিত্র আছে, সব দলই ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি।’

শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে হামাসের হামলায় ৩০ জন পুলিশ কর্মকর্তাসহ ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কুমিল্লার বরুড়া উপজেলার মুক্ত দিবস আজ

সাকিব আল হেলালঃ

আজ ৭ ডিসেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাক হানাদার বাহিনীর রাহুর গ্রাস থেকে বরুড়া মুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরুড়া। মুক্ত হয় বরুড়া ।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর রাতে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সাড়াশী আক্রমণে পাক সেনারা তাদের ক্যাম্প গুটিয়ে বরুড়া ছেড়ে যেতে বাধ্য হয় বলে জানান তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বর্তমান সংসদ সদস্য অধ্যাপক নূরুল ইসলাম মিলন। রাতের মধ্যে বরুড়া ঘাটিতে অবস্থানরত পাক সেনাদের সঙ্গে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাকসেনাদের প্রধান ঘাঁটি পতনের মধ্য দিয়ে পরদিন ৭ ডিসেম্বর বরুড়া পাক সেনা মুক্ত হয়। এদিন ভোরে মুক্তিসেনারা বরুড়া ভিবিন্ন এলাকা দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে। তখন বরুড়ায় জনতার ঢল নামে।

বরুড়ার আপামর জনগণ সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। পরে এদিন বিকেলে বরুড়রায় বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বর্তমান সংসদ সদস্য অধ্যাপক নূরুল ইসলাম মিলন জাতীয় পতাকা উত্তলন করেন ।