,

কুমিল্লায় তিন সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
August 27, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত শাওন আত্মগোপনে ছিলেন। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, সদর দক্ষিণ থানায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত প্রায় তিনটার দিকে বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় সাংবাদিকেরা হামলার শিকার হন। আহত ব্যক্তিরা হলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম চৌধুরী (খোকন), ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ।

জানা যায়, লালমাইয়ের দিকে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে পদুয়ার বাজার মোড়ের যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছিলেন সাংবাদিকেরা। উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়কে স্থানীয় বাসিন্দাদের দেওয়া লোহার ব্যারিকেডের কারণে যানজট তৈরি হয়েছিল। সাংবাদিক তানভীর দীপু সামনে এগিয়ে ব্যারিকেডটি উঁচু করে যানবাহন চলাচলের ব্যবস্থা করছিলেন।

এ সময় অভিযুক্ত শাওন সেখানে এসে তানভীরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাকে ধাক্কা দেন। সহকর্মী মারুফ এগিয়ে এলে শাওন রড নিয়ে আক্রমণের চেষ্টা চালান। পরে স্থানীয় লোকজন তাকে সরিয়ে দিলে সাংবাদিকেরা স্থান ত্যাগ করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পরই শাওন পুনরায় এসে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান।

এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে মামলা করা হলে জেলা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে।

হামলার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। অপরাধীকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করবে।