কুমিল্লায় জমে উঠেছে শীতবস্ত্রের বাজার
মাছুম কামালঃ
শীত আসি আসি করেও যেনো আসছিলো না এ বছর। এরমধ্যে গেলো সপ্তাহ থেকে হঠাৎ শ্বৈত্যপ্রবাহের সঙ্গে সারাদেশে জাঁকালো শীত নেমেছে। আর তাই, মানুষজন ভীড় জমাচ্ছেন শীতবস্ত্রের দোকানগুলোতে।
উচ্চ ও মধ্যবিত্ত মানুষজন যেমন শীতপণ্য ক্রয়ের জন্য মার্কেটগুলোতে ভীড় করছেন, তেমনি থেমে নেই নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষেরাও।
প্রায় সবগুলো মার্কেট এবং রাস্তার পাশের অস্থায়ী দোকান ও ফুটপাতে ক্রেতা-দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। কেউ কেউ এসেছেন কেনাকাটা করতে, কেউ কেউ দেখতে।
আজ সরেজমিনে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে-ঘুরে এই চিত্র দেখা গেছে। নগরীর কান্দিরপাড় এলাকার খন্দকার হক টাওয়ার, সাত্তার খান কমপ্লেক্স, এস বি প্লাজা, নিউমার্কেট, ইস্টার্ণ ইয়াকুব প্লাজার মতো অভিজাত মার্কেটগুলোর শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাসাধারণে সরগরম ছিল। পাশাপাশি কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, শিশুমঙ্গল এলাকার ফুটপাতের দোকানগুলোতেও বেশ ভীড় লক্ষ করা গেছে।
সাত্তার খান কমপ্লেক্সের ‘রিলেশান’ নামে একটি বিপণীকেন্দ্রের সত্ত্বাধিকারী বলেন: “এ বছর হঠাৎ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, আমাদের বিকিকিনি বেড়েছে। মার্কেটে প্রচুর ক্রেতা আসছেন। একই তথ্য জানান ’রাইট চয়েজ’ নামের অপর একটি বিপণীকেন্দ্রের সত্ত্বাধিকারীও।

