জামায়াতকে রাজনীতি করার অধিকার দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান: কায়কোবাদ
‘শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সাহেব যখন বাকশাল গঠনের মাধ্যমে সকল রাজনৈতিক দল সহ জামায়াতকে নিষিদ্ধ করেছিল সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচার ও নির্বাচন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব কথা বলেন।
কায়কোবাদ আরো বলেন, ‘নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচন অংশগ্রহণ করবে, আরো কয়েকটি দল নির্বাচনে আসবে। জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে। আসন্ন নির্বাচনে তারা মানুষকে নানা কথা বলে মন গলাতে চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকবেন।’
২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সময়ে দুজনকে মন্ত্রিত্ব দিয়েছেন। তারা মন্ত্রণালয়ে বসে দলকে সংগঠিত করেছেন।’
তিনি আরো বলেন, ‘টর্নেডোতে চারজনের ঘর উড়ে গেছে। সবাইকে আমরা নানা সহায়তা দিয়েছিলাম। টাকা দিইনি। এদের একজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে জানলাম তিনি জামায়াত করেন। জামায়াত তাদের টাকা দিয়েছে।
শুনে অবাক হলাম। বাকিরা কি মুসলিম নন! আমাদের নেতা তারেক রহমান অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দেশে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।’

মুরাদনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, বেলজিয়াম প্রবাসী আমজাদ হোসেন তছু, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ দুলাল সরকার, মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রমুখ।
দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে এসে উপস্থিত হন।










