তাজমহলের শ্বেতপাথরে লুকিয়ে থাকা অশ্রু
ডেস্ক রিপোর্টঃ
জুন মাসের ১৭ তারিখ, সন্তান প্রসবের পর তরতাজা রক্তের বন্যায় ভেসে যেতে যেতে একটু আগেই মারা গেলেন মাত্র ৩৮ বছর বয়সী রাজমহিষী আরজুমান্দ বানু বেগম। কদিন থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। আগ্রা থেকে হাতির পিঠে দুর্গম পথে যাত্রা করে প্রায় ৫০০ মাইল অতিক্রম করে অতিমাত্রায় শ্রান্ত, অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যুর আগে ৩০ ঘণ্টা প্রসববেদনার নিদারুণ যন্ত্রণায় প্রতিটি মুহূর্তকে অসম্ভব দীর্ঘ মনে হচ্ছিল তাঁর। অবশেষে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু এসে তাঁকে চিরদিনের জন্য মুক্তি দিল। মৃত্যুর খানেক আগে সম্রাটকে উপহার দিয়ে গেলেন চতুর্দশ সন্তান। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ৩৮৯ বছর আগে, ১৬৩১ সালের ১৭ জুন।
সম্রাট শাহজাহানের প্রধান উজির আবু হাসান আসফ খানের রূপসী কন্যা আরজুমান্দ বানু বেগম জন্মেছিলেন ১৫৯৩ সালের ২৭ এপ্রিল, আগ্রায়। তাঁদের পূর্বপুরুষেরা এসেছিলেন ইরান থেকে। আরবি ও ফারসিতে চমৎকার দখল ছিল তাঁর। সম্রাট জাহাঙ্গীরের পুত্র, বাদশা আকবরের পৌত্র যুবরাজ খুররম প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই বিদুষী কিশোরীর। দুজনার মধ্যে বাগদান সম্পন্ন হয় ১৬০৭ সালের ৩০ জানুয়ারি। যুবরাজ খুররমের বয়স ছিল তখন ১৫। আর আরজুমান্দ বানুর ১৪। তখনো যুবরাজ খুররমের নাম শাহবুদ্দিন মুহাম্মদ শাহজাহান হয়নি। আর আরজুমান্দের নাম হয়নি মুমতাজ মহল। বাগদানের পর বিয়ের জন্য দুজনকে অপেক্ষা করতে হয়েছে আরও পাঁচটি বছর। যুবরাজ খুররমের জন্য স্ত্রীবিহীন এত দীর্ঘ সময় কাটানো সম্ভব নয়। তাই তিনি এর মধ্যে বিয়ে করেন কান্দাহারি বেগমকে। কান্দাহারি বেগম যুবরাজের প্রথম স্ত্রী।
এদিকে আরজুমান্দ ও যুবরাজ খুররমের বিয়ের দিনক্ষণ ঠিক করতে দরবারে সব খ্যাতিমান রাজজ্যোতিষীকà
