,

দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তারেকুল ইসলাম তারেক

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

আসন্ন ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা জানিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক তারেকুল ইসলাম তারেক। নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নবাসীর সেবা, এলাকার উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

স্থানীয় সূত্র ও তারেকুল ইসলাম তারেকের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তাঁর একটি জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে তাঁর অনুসারীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চান তারেকুল ইসলাম তারেক।

তারেকুল ইসলাম তারেক বর্তমানে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক ছাত্রনেতা এবং কুমিল্লা স্টেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়া কুমিল্লা রেলওয়ে স্টেশন মসজিদের সাধারণ সম্পাদক এবং ধর্মপুর কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তারেকুল ইসলাম তারেক বলেন, “জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প নিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

এদিকে, তারেকুল ইসলাম তারেকের সমর্থকেরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার পক্ষে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।