শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বেইলী সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২৬
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বেইলী সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়িবোঝাই ট্রাক আটকে গেছে। এতে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব-দাউদকান্দি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এ সড়কে চলাচলকারী দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার একাধিক গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দাউদকান্দি উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চল, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করার জন্য ২০০০ সালের ২১ অক্টোবর খিরাই নদের ওপর বেইলি সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘ ২৫ বছর ব্যবহারের পর এখন সেতুটির পাটাতনগুলো মরিচায় নষ্ট হয়ে গেছে। এ কারণে সেতুর স্থানে স্থানে ভেঙে গেছে। এ দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

রবিবার সকালে সেতুর ওপর আটকে থাকা ট্রাকটির গাছের গুঁড়িগুলো নামিয়ে ট্রাকের চালক ও চালকের সহকারী ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন।

ট্রাক চালকের সহকারী জাহিদ হাসান বলেন, তাঁরা সড়কের সরকারি গাছের গুঁড়ি বোঝাই করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে নিয়ে যাচ্ছিলেন। সেতুর ওপর উঠে মাঝামাঝি স্থানে পৌঁছানোর পর সেতুর দুটি স্টিলের প্লেট ভেঙে চাকা আটকে যায়। লাফিয়ে ট্রাক থেকে নেমে তাঁরা দুজন প্রাণে রক্ষা পেয়েছেন।

স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা জানান, অটোরিকশা ও রিকশা সেতুর ওপর উঠলেই সেতুটি কাপতে থাকে। মনে হয়,যেন ভেঙে পড়ছে।
চালকরা বলেন, আমরা এ সড়কে সিরিয়াল এবং সিরিয়াল ছাড়া প্রায় কয়েক’শ সিএনজিচালিত অটোরিকশা চালক রয়েছি । ট্রাক ওঠায় সেতুর স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় সংস্কার না করা পর্যন্ত বিপদে আছি ।

ব্যাটারিচালিত রিকশার চালক উপজেলার চশই গ্রামের লিটন মিয়া বলেন, মরিচায় সেতুটি পাটাতন নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সেতুর ওপর দিয়ে ভয়ে ভয়ে চালাইতাম। এখন ট্রাকটির ভাগ্য ভালো যে নিচে পড়েনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, গাছের গুড়ি বোঝাই ট্রাকটি ওভারলোডের কারণে এমনটি ঘটেছে। মেরামতে কয়েকদিন সময় লাগবে। আর ওখনেই একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা গত সপ্তাহে এলজিইডি ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন