,

দেবিদ্বারে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫০

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2026
news-image

সাইফুল ইসলাম ফাহাদ:

কুমিল্লার দেবিদ্বারে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে অন্তত ৫০ কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এসব কিশোরকে আটক করে দেবিদ্বার থানায় নেওয়া হয়। পরে তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হয়। আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে থানায় অস্ত্র মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আটককৃত কিশোরদের থানায় নেওয়ার খবর পেয়ে রাতেই সন্তানদের খোঁজ নিতে এবং ছাড়িয়ে নিতে থানার সামনে ভিড় করেন অনেক অভিভাবক।

শাহ আলম নামে এক অভিভাবক বলেন, “আমার ছেলে রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে কোনো অপরাধের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, পুলিশের এ ধরনের অভিযান আমাদের জন্যও উপকার বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “পুলিশের এমন অভিযান নিয়মিত চললে কিশোর গ্যাংয়ের অপরাধ অনেকটা কমে যাবে। আমার ছেলে সন্ধ্যার পর আর বাইরে বের হবে না—এ মর্মে থানায় মুচলেকা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন আজকের কুমিল্লাকে বলেন, “যাদের আটক করা হয়েছে, তাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।”

তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী আটক ৫০ জনের মধ্যে যাচাই-বাছাই করে ৬ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা করা হয়েছে। তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাবুল আজকের কুমিল্লাকে বলেন, “নিরপরাধ কাউকে মামলায় জড়ানো হবে না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের বিষয়ে আরও সচেতন হতে হবে।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।