মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার দুলাল মিয়ার ছেলে মো: ইব্রাহিম (৪২), বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন খাঁনেপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে মো: বাবু মিয়া (৩৫) ও দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: মনিরুজ্জামানের ছেলে শরিফুল ইসলাম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় শনিবার রাতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই রাতে এসআই কামরুজ্জামান ও তার টিম মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক থেকে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি মো. ইব্রাহিম ও মো. বাবু মিয়াকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।