রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার যুবকের
ডেস্ক রিপোর্ট:
রাশিয়াতে মাসে প্রায় ৭০ হাজার টাকা বেতনে বেকারিতে কাজ করতেন কুমিল্লার চান্দিনার যুবক মো. সাগর (২৪)। এরই মধ্যে এক বাংলাদেশি দালাল তাকে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান। সেই প্রলোভনে পড়ে বেকারির চাকরি ছেড়ে যুদ্ধে যোগ দেন সাগর। শেষ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার।
গত শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু তার বোনের মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে জানান, ‘সাগর আর নেই।’ এ খবর শোনার পর মূর্ছা যান তার মা। পরিবারে নেমে আসে শোকের ছায়া।
সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা সাগর প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারের আর্থিক সংকটে সহায়তা করতেন। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানের পণ্য ভ্যানে বহন করার সুবাদে ওই দোকানের এক ম্যানেজারের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। ওই ম্যানেজার চাকরি ছেড়ে বিদেশে গেলেও তাদের যোগাযোগ ছিল। পরে দেশে ফিরে আবারও একই দোকানে চাকরি নেন তিনি।
বন্ধুত্বের সুবাদে সাগরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেন ওই ম্যানেজার। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে চাকরি নেন এবং মাসে প্রায় ৭০ হাজার টাকা আয় করতেন।
এরপর রাশিয়ায় অবস্থানকালে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় সাগরের। ওই ব্যক্তি তাকে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রস্তাব দেন এবং এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলেন। দালালের কথায় বিশ্বাস করে চলতি বছরের মে মাসে বেকà