,

‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ লেখা কে এই বাইকার?

আজকের কুমিল্লা ডট কম :
February 22, 2020
news-image

 

‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ সম্প্রতি বাইকের নম্বর প্লেটে লেখা এমনই একটি ছবি সামাজিক যোগাগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই বাইকের মালিককে। আলোচিত ওই বাইকার আবির। তিনি একজন চাকরিজীবী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার সোনারগাঁও ক্রসিংয়ে তাকে বাইকসহ আটক করেন দায়িত্বরত সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল।

এ বিষয়ে জুয়েল বলেন, আমি তাকে আটকে বাইকের পেছনে লেমিনেটিং করা কাগজটি দেখতে পাই। তার কাছে কারণ জানতে চাই। উত্তরে তিনি বলেন, ইমরান তার একজন খুব ভালো বন্ধু। সে তাকে মোটরসাইকেল কেনা থেকে শুরু করে তাকে চালানো শিখিয়েছেন। তাই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা থেকেই তিনি নম্বর প্লেটে এটি লাগিয়েছেন।

মোটরযানে নম্বর প্লেটের স্থানে নম্বর ছাড়া কোনো অঙ্কন, নাম লেখা, খোদাই করা, ঘষামাজা করা, বিজ্ঞাপন দেওয়া আইনে নিষিদ্ধ উল্লেখ করে ট্রাফিক সার্জেন্ট জুয়েল বলেন, মোটরযান আইনের ২০১৮ এর ৯২ (২) ধারায় এই অপরাধের জন্য ১ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তবে আবিরের গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, ইন্স্যুরেন্সসহ সব কাগজপত্র ঠিক ছিল বলেও জানান দায়িত্বরত সার্জেন্ট।

আসাদুজ্জামান জুয়েল বলেন, তিনি (আবির) তার ভুল স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়েছেন। তাই তাকে কোনো মামলা না দিয়ে সতর্ক করা হয়েছে।