,

আগামীকাল রোববার বিকেল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

তীব্র দাবদাহ কেটে আগামীকাল রোববার বিকেল থেকে বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সোমবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।

আজ শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা বাসস।

আবহাওয়াবিদ শাহীনুল বলেন, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।