,

কুমিল্লায় তিন উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আসছে

আজকের কুমিল্লা ডট কম :
August 4, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

নৌযানের সমন্বিত জাতীয় তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নৌযান শুমারি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সেমিনারের আয়োজন করে জেলা পরিসংখ্যান কার্যালয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ রোজী আক্তার জানান, নৌখাতকে সুশৃঙ্খল ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীনির্ভর হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার চলাচলকারী সব ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে সেগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক বলেন, এর মাধ্যমে একটি নির্ভুল নৌযান ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম মাঠপর্যায়ে শুরু করার আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে সমন্বয় আরও কার্যকর হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।