,

জাপানকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

আজকের কুমিল্লা ডট কম :
July 3, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

স্বপ্নভঙ্গ বোধ হয় একেই বলে। নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ১৭ মিনিট আগেও প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল জাপান। কিন্তু এই ম্যাচে দলটির বিধিলিপি লেখা ছিল অন্যভাবে। এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে শেষ ষোলোয় ওঠা জাপানকে যে এভাবে বিদায় নিতে হবে, তা কে ভেবেছে! যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে জাপানের সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে বেলজিয়ামের হার না–মানা মানসিকতার কাছে হেরে।

স্কোরলাইন বলছে, ম্যাচটা ৩-২ গোলে জিতে শেষ আটে উঠেছে বেলজিয়াম। আর তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে জাপান। কিন্তু স্কোরলাইন এই ম্যাচের নাটকীয়তা বোঝাতে যথেষ্ট নয়। ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা বলতে পারবেন, গতি, আক্রমণ আর পাল্টা–আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল দুই দল। বেলজিয়াম শুধু কাগজে-কলমেই জয়ী। আসল জয়ী তো ফুটবল—যেখানে জাপানের অবদানও কম নয়।

যোগ করা সময় থেকে শুরু করা যায়। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াতে না দিতে দুই দলকে ৪ মিনিট সময় দিয়েছিলেন রেফারি। এই সময়ের মধ্যেই দুই দল তিনটি করে আক্রমণ করেছে। ভাবা যায়! এর মধ্যে তৃতীয় মিনিটে কিউসিকি হোন্ডার ফ্রি কিক দারুণ দক্ষতায় রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে কোর্তোয়ার আসল ভেলকি অন্যখানে।

তাঁর সেই সেভ থেকে কর্নার পেয়েছিল জাপান। ২-২ গোলের গিঁট খুলতে সেই কর্নার তাঁরা কাজে লাগাতে পারেনি। উল্টো বলটা গ্রিপ করেই বিদ্যুৎগতিতে সতীর্থকে দিয়ে দেন কোর্তোয়া। বেলজিয়ামের এই গোলরক্ষক বুদ্ধিমত্তার সঙ্গে বলটা দ্রুত না ছাড়লে বেলজিয়াম জয়সূচক গোলটা পেত না, বরং ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে।

কিন্তু কোর্তোয়ার কাছ থেকে বল পেয়েই কাউন্টার অ্যাটাকে ওঠে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা থেকে বল পান টমাস মনিয়ের। ডান প্রান্ত থেকে তাঁর ক্রস রোমেলু লুকাকু ডামি করলে ফাঁকায় বল পেয়ে যান নাসির শাদলি। আলতো টোকায় বলটা জালে পাঠিয়ে তিনি বেলজিয়ামকে শুধু শেষ আটেই তোলেননি, সঙ্গে জাপানিজদের অশ্রুধারাও বইয়ে দেন।

বেলজিয়ামের জয়সূচক এই গোলের আগে থেকেই ম্যাচের চিত্রনাট্য হয়ে উঠেছে রোমাঞ্চকর নাটকের মতো।