,

ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2026
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অভিযান আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এর অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার ও সমাজকর্মী বোরহান উদ্দিন ভুইয়াসহ বিএনসিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন।

এ সময় পরিষদ প্রাঙ্গন, প্রবেশপথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার দাউদকান্দি উপজেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজের আঙ্গিনা পরিস্কার করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধের পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।