,

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুয়াজ

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2024
news-image

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুয়াজ

ডেস্ক রিপোর্ট:

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তিনি পুরস্কার গ্রহণ করেন। ২০১৬ সালের পর তুরস্কে এই প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য এটি প্রথম শ্রেষ্ঠত্ব অর্জন।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাইপর্বে দেশের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে মুয়াজ মাহমুদ তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও চলতি বছরের ২১ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ ২০২৩ সালে ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধাতালিকায় স্থান অর্জন করেছিলেন।

উল্লেখ্য, তিনি ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার কিতাব বিভাগের ছাত্র এবং এখান থেকেই হাফেজ হয়েছেন। বর্তমানে তিনি কিতাব বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।