দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের
স্টাফ রিপোর্টার:
মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষের কল্যাণ, মানবিকতা ও উন্নয়ন গুরুত্ব পাবে। দেশের অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক এবং নিমগাছের চারা তুলে দেন।
মানুষের বিপদের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মà¦