,

৮ জন নিহতের মামলায় কুমিল্লায় খালেদা জিয়ার অর্ন্তবর্তীকালিন জামিন নামঞ্জুর

আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্তবর্তী কালিন জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবিরা অন্তবর্তীকালিন জামিন আবেদন করলে আদালতের বিচারক জেসমিন আরা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

খালেদার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ এপ্রিল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার ৫ নং আমলী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন নামঞ্জুর করেন। এর প্রেক্ষিতে খালেদা জিয়ার আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে আজ সোমবার অন্তবর্তী কালীন জামিনের আবেদন করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদি হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।