,

আগামী নির্বাচন হচ্ছে জনগনের উন্নয়নের নির্বাচন,‘আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না : নাসিম

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘আগামী নির্বাচন হচ্ছে জনগনের উন্নয়নের নির্বাচন। সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে বাটি চালান দিয়েও তাদের আর খুঁজে পাওয়া যাবে না।’

তিনি আজ মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে স্থানীয় টাউন হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। ২০১৪ সালে নির্বাচনে না এসে আপনারা (বিএনপি) ভুল করেছেন। দয়া করে সেই ভুল আর করবেন না। এবার আর পালিয়ে যাবেন না।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক উন্নয়ন করছে। তিনি (শেখ হাসিানা) সময় পেয়েছেন বলেই এত উন্নয়ন করে যাচ্ছেন। একদিন সারের জন্য মানুষকে দৌড়াতে হতো, কিন্তু এখন সারই কৃষকের পিছনে ঘুরে বেড়ায়।

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে আমাদের ঠিক করতে হবে উন্নয়ন নাকি ধ্বংস, হাওয়া ভবন না উন্নয়ন ভবন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এতে আমাদের কোন দোষ নেই। আমরা তাকে কারাগারে পাঠাইনি। তাকে আদালত জেল দিয়েছে। আমরাও আন্দোলন করতে গিয়ে জেল খেটেছি। আদালতের মাধ্যমে বের হয়েছি।’