,

বসন্ত-ভালোবাসা দিবস: কুমিল্লায় ফুলের বাজারে আগুন

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সৌন্দর্যের প্রতীক ফুল। আর এই ফুলকে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। ভালোবাসা ভালোলাগার সঙ্গে ‘ফুল’ নামক উপকরণটা অঙ্গাঙ্গীভাবেই জড়িত। “বিশ্ব ভালোবাসা দিবস” বা “ভ্যালেন্টাইন ডে” সারাবিশ্বের কোটি কোটি প্রেমিকযুগলের জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন। এবার এই দিনের সাথে যোগ হয়েছে বসন্ত উৎসব। বিগত বছরগুলোতে ১৩ ফেব্রুয়ারি বস্ত উৎসব আর ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস। এবার একই দিনে দুটি উৎসব পালনের সুযোগ। তাই কুমিল্লার ফুলের দাম ৩/৪ গুণ বেড়েছে। বলা যায় এখন ফুলের বাজারে আগুন। ভালোবাসা দিবসকে রাঙাতে কতোই না আয়োজনের কথা ভাবেন যুগলরা। যার মূল অনুসঙ্গ রঙ-বেরঙের ফুল। তাই এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কয়েকগুন বেড়ে যায় ফুলের চাহিদা।

কুমিল্লা নগরীর বাণিজ্যিক ফুলের দোকান ছাড়াও অলিতে-গলিতে ফুলের পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে মাত্র একদিনের জন্য ফুল বিক্রেতা তারা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেহেতু বেড়ে যায় ফুলের চাহিদা তাই এই চাহিদাকে কাজে লাগিয়ে ফুলের দাম কয়েকগুন বাড়িয়ে দেন বিক্রেতারা। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অলি-গলিতে ফুলের পসরা সাজিয়ে ফুল বিক্রি করছেন অস্থায়ী ফুল বিক্রেতারা। ফুলপ্রেমী সব বয়সের মানুষেই ভিড় করছেন এসব দোকানে।