,

কুমিল্লার চান্দিনায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত করা প্রধান অভিযুক্ত গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 16, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়েকে ছুরিকাঘাত করার মূলহোতা মো. সজিব হোসেনকে (২০) সিলেট থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জুলাই) সকালে তাকে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান।

আটক সজিব হোসেন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের শিমুল সরকারের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, চান্দিনা মহিলা কলেজের একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই বখাটে যুবক। এতে কোনোভাবেই মেয়েটির মন জয় করতে পারেনি। গত ১২ জুলাই দুপুরে মেয়েটি চান্দিনার বাগানবাড়ি বাসা থেকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার পথে আরও দুই যুবককে সঙ্গে নিয়ে মেয়েটিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় আহত মেয়েটির মা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে তাকে আটক করি।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধ নিয়ন্ত্রণে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।