,

আমড়াতলীতে মাদকের টাকা ভাগাভাগির জেরে ছুরিকাঘাতে যুবক খুন

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2023
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে জুয়া ও মাদকসহ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে কাউছার (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় মারুফ নামে আরো এক যুবক আহত হন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ইউনিয়নের মধ্য মাঝিগাছা গ্রামের সিঙ্গাপুর গলিতে ঘটনাটি ঘটে।

নিহত সহিদুল ইসলাম নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ মধ্য মাঝিগাছা সিংগাপুর গলি রাস্তার মাথায় ১০/১২ জন যুবক কাউছারকে তার বাড়ি থেকে ডেকে আনে। পরে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কাউছারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কাউছারকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লোকজন আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয় কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দু’পক্ষই মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, মাদক ও জুয়া সংক্রান্ত লেনদেনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, আমরা তদন্ত করছি। ঘটনার সময় কাদের কি ভূমিকা ছিলো তা জানার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।