বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ হারলেও কত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০২৫
news-image

আজ হারলেও কত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ট্রফি জয়ের স্বপ্ন শুরু থেকেই ভেঙে গেছে। টানা দুই ম্যাচে হারের পর টাইগাররা এখন সান্ত্বনার জয়ের আশায়। টুর্নামেন্টে ব্যাটিং ও বোলিংয়ে দুর্বল পারফর্ম করলেও নাজমুল হোসেন শান্ত ও তার দল মোটা অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরবে। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হেরেও তারা প্রায় তিন কোটি টাকা পাবে।

আইসিসি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি বাড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়েছে, রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। এছাড়া অংশগ্রহণকারী সব দলই প্রাইজমানি পাবে।

প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা)। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা)। এর অর্থ হলো, বাংলাদেশ দল ইতিমধ্যেই তিন কোটি টাকা পেয়ে গেছে।

টাইগারদের ট্রফি জয়ের স্বপ্ন পুরোপুরি ভেঙে গেছে। দুটি ম্যাচ খেলে দুটিতেই তারা হেরেছে এবং কোনো ম্যাচেই ভালো লড়াই দেখাতে পারেনি। তবে আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারাতে পারলে তাদের প্রাইজমানি আরও বাড়বে। সেক্ষেত্রে প্রায় অর্ধকোটি টাকা যোগ হবে তাদের ভাণ্ডারে।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পাকিস্তানকে হারাতে পারলে শান্ত ও তার দল ৩ কোটি টাকার পাশাপাশি আরও ৪১ লাখ টাকা পাবে। টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো না হলেও মোটা অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল।