,

ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে আসতে পারে বড় ঘোষণা: চীনা রাষ্ট্রদূত

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে। এই সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। রোববার (২৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে কিছু ঘোষণা আসতে পারে। কারণ এই বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফরটি ফলপ্রসূ ও গঠনমূলক হবে।

প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি রয়েছে বলে এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দ্বিপাক্ষিক সফর। তিনি বলেন, “আমরা চাই এই সফরটি বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য ইতিবাচক ও সুফল বয়ে আনে।”

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন। এই সফরটি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর ও মজবুত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।