চাঁদপুরে পঁচা ইলিশ মাছ রাখার দায়ে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৯ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের বড় স্টেশন সংলগ্ন মৎস অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করে একটি মাছের ট্রলারে নষ্ট ও পঁচা ইলিশ মাছ পাওয়ায় ভোলা জেলার মনপুরা এলাকার হেলাল মাঝি নামক এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। উক্ত ব্যক্তির পক্ষে মো: মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানার এক লক্ষ টাকা পরিশোধ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মোসা: ফারহানা আকতার রুমা এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) নষ্ট ও পঁচা ইলিশ মাছ কেরোসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিক পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার ও অন্যান্য মাছ ব্যবসায়ীবৃন্দ অভিযানের সময় উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।