,

মায়ামির পদ ছাড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি মাসচেরানো

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2026
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের মাসচেরানো ইন্টার মায়ামি-এর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। তার অধীনে দলটি ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পায়। শুধু তাই নয়, গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তার কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত আক্রমণভাগের পরিচয় দেয় মায়ামি। এক মৌসুমে ১০১টি গোল করে তারা নতুন রেকর্ড গড়ে, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।

এছাড়া ক্লাব বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দেন মাসচেরানো। গ্রুপ পর্বে পোর্তো-কে হারিয়ে নকআউট পর্বে ওঠে মায়ামি। তবে শেষ ষোলোতে পিএসজি-র কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই তার সময়টা স্মরণীয় হয়ে উঠেছে। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে দলটি।

Related posts: