,

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে শয্যাসংখ্যা: কৃষিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2026
news-image

 

হাবিবুর রহমান মুন্নাঃ

​কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধান এবং হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

​শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এতে যোগ দেন।

​কৃষিমন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে দ্রুতই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

​একই সঙ্গে চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতি যাতে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল বা চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত যন্ত্রপাতির মতো সরকারি হাসপাতালের যন্ত্রপাতিও যেন নির্ধারিত কার্যকাল পর্যন্ত কার্যকর থাকে, তা নিশ্চিত করতে হবে।

রোগীদের প্রতি মানবিক আচরণ ও আন্তরিকতার গুরুত্ব তুলে ধরে কৃষিমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “রোগী যখন চিকিৎসকের কাছে যান, তখন তিনি চান চিকিৎসক তাঁর কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন। রোগীদের যথেষ্ট সময় দেওয়া এবং সমস্যা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে তাদের মনে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করা সম্ভব।”

বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশদূষণ ও খাদ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার পর্যায়ক্রমে পদক্ষেপ নিচ্ছে।

​তিনি চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান, শুধু ওষুধ দেওয়া নয়, কীভাবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকা যায়—সে বিষয়েও রোগীদের সচেতন করতে হবে। ওষুধের প্রয়োজনীয়তা মেনে নিয়েও সচেতন খাদ্যাভ্যাসের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
​
​নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বলেন, “চিকিৎসা পেশায় প্রবেশের পর আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

​কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এছাড়া অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের সর্বস্তরের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।