,

কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
October 11, 2026
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পেট্রোল পাম্পে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার অভিযোগে মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) জেলার ঝাগরজুলি, কোরপাই-বুড়িচং ও দিঘিরপাড় এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স জান্নাত ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল করে আসছে বলে অধিদপ্তরের কাছে একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে গ্যাস রিফিলের সরঞ্জামসহ হাতেনাতে শনাক্ত করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।