,

উত্তেজনায় ভরা এল ক্লাসিকোয় ২-২ সমতা

আজকের কুমিল্লা ডট কম :
May 7, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ
এল ক্লাসিকো বলে কথা । শুরু থেকে শেষ পর্যন্ত আগুন ঝরানো ম্যাচ। কেউ কাউকে ছাড় দেয়নি। হলুদ কার্ড এর ছড়াছড়ি। সাথে গোল মিসের মহড়া। সব মিলিয়ে উপভোগ্য এল ক্লাসিকো।

বার্সেলোনা ট্রফি জিতে ফেলায় কাগজে কলমে এই ম্যাচের গুরুত্ব হয়তো ছিল না। কিন্তু বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ যখন মুখোমুখি হবে তখন কাগজ-কলম শিকেয় তুলে রাখাটাই উত্তম। স্প্যানিশ এই দুই জায়ান্ট ক্লাবের খেলায় আগুন ঝরবে এটা অনুমিতই। সেটা মাঠের বাইরে দুই কোচের কথা চালাচালিতে এক চোট হয়ে গেছে গার্ড অব অনার দেওয়া না দেওয়া নিয়ে। তবে রোববার রাতে এই মৌসুমের শেষ এল ক্লাসিকোয় ন্যু ক্যাম্পে রিয়াল আর স্বাগতিক বার্সেলোনার মধ্যে যা খেলা হয়েছে…বলতে পারেন পয়সা উসুল ম্যাচ। যদিও আগুনঝরা ম্যাচে শেষতক ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মেসি-রোনালদোদের।

পুরো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। সেটা খেলায় তো বটেই খেলোয়াড়দের শরীরী ভাষাতেও প্রকাশ পেয়েছে বেশ কয়েকবার। প্রথমার্ধেই মেসি ফাউল করে হলুদ কার্ড দেখেছেন। হলুদ কার্ডের দেখা পেয়েছেন সুয়ারেজও। সার্জিও রবার্তো প্রথমার্ধেই শেষ কয়েক সেকেন্ড আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। রিয়ালের রামোস, ভারান, নাচোকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে এসে গ্যারেথ বেল ও মার্সেলো হলুদ কার্ড দেখলে রিয়ালের রক্ষণের সবার হলুদ কার্ডের ‘কোটা’ পূরণ হয়। এবার বুঝুন কতটা আগুনের ফুলকি ছুটেছিল মাঠের এ মাথা ও মাথা!