কুমিল্লা-লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সীমাহীন দুর্ভোগ
সেলিম চৌধুরী হীরা, লাকসাম:
কুমিল্লা-লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। লাকসাম জংশন থেকে খিলা বাজার পর্যন্ত প্রায় ১০কিঃমিঃ দূরত্বের মহাসড়কটির বিভিন্ন অংশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার মৌসুম হওয়ায় গর্তগুলোতে পানি জমে বেহাল দশায় পরিনত হয়। ফলে পথচারীসহ পরিবহন যাত্রীরা প্রতিনিয়ত তছনছ সড়কে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ সড়কে চলাচলরত যানবাহনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং দিনদিন দুর্ঘটনা বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণে খানাখন্দের সৃষ্টি হয়ে কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কের লাকসাম অঞ্চলে প্রায় ১০ কিঃমিঃ রাস্তা চলাচলের অযোগ্য ও মরন-ফাঁদে পরিণত হয়েছে। লাকসাম জংশন, মিশ্রি, চাঁদপুর রেলগেইট, বাইপাস, ফতেপুর, চন্দনা বাজার, খিলা বাজার সড়কের মাঝখানেই সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলে জমছে পানি। সূর্য উঠলে উড়ছে ধুলোবালি। জনগণের ত্রাহি অবস্থা। এতে প্রতিদিনই ঘটছে প্রায় ছোট-বড় দুর্ঘটনা। এসব স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্ত তৈরী হওয়ায় এ সড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের যাতায়াত করতে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে।