কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই
কুমিল্লার লাকসামে অর্পিতা রাণী দেবনাথ নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম। শুক্রবার দুপুরে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, দেবীপুর গ্রামের বিশ্বজিৎ দেবনাথের মেয়ে অর্পিতা রাণী দেবনাথের বিয়ের প্রস্তুতি চলছিল। আগামী রবিবার (৩ মে) বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। খবর পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সরাসরি ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ সময় তিনি কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
এমপি আবুল কালাম জানান, আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।
তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন।
তিনি আরো বলেন, তার নির্বাচনী এলাকায় কোনোভাবেই বাল্যবিবাহ সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায় তিনি।
এ সময় ইউএনও নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, প্রশাসন ও জনপ্রতিনিধির তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে কিশোরীটির জীবন ঝুঁকির মুখে পড়ত। তারা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।