,

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত হোসেন নামের ১ বছর বয়সী এক শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেছেন মা রুকসানা আক্তার (২৪)। রুকসানা মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের বারইয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন।

ঘাতক রোকসানা একই গ্রামের আমান উল্লাহ আমানের মেয়ে। ২ বছর পূর্বে বরিশালের ইব্রাহীমের সাথে তার বিয়ে হয়।

রুকসানার পিতা আমান উল্লাহ আমান বলেন, আমার মেয়ে মানসিক সমস্যায় ভুগছে। বিয়ে দেয়ার পর সে স্বামীর বাড়ি থেকে চলে এসেছে। এর আগেও বিভিন্ন দূর্ঘটনা ঘটিয়েছে সে। মানসিক চিকিৎসার জন্য বেশ কয়েকবার ডাক্তার এবং হাসপাতালে নিয়েও লাভ হয়নি। আজ তার নিজের ছেলেকে পুকুরে ফেলে মেরে ফেলেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানাকে আটক করা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Related posts: