হোমনায় রিয়াব ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর বাজারে অবস্থিত রিয়াব ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মামুন অর রশিদ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়া এবং অনুমোদিত ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট প্রদান করার অভিযোগ প্রমাণিত হয়। এসব অনিয়মের মাধ্যমে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আদালত মত দেন।
এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কার্য সম্পাদন) রিয়াব ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।











