হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেলো কয়েক হাজার দলিল ও ১৪ ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ও ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলম দাবী করছেন, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা আরো বলেন, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েক হাজার দলিল ছিলো। দোকানগুলো পুড়ে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপজেলা। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।
