মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজন যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে ভুক্তভোগী ছাত্রী চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃত দুইজন হলেন— কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব এবং একই ইউনিয়নের নলুয়া গ্রামের প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

গত ১৯ মার্চ বিকালে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ছাত্রীটি গণধর্ষণের শিকার হয়। ছাত্রীটি জানায়, বুধবার বন্ধুর সঙ্গে দেখা করে সন্ধ্যার পর অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে ৫-৬ জন যুবক অটোরিকশা থামিয়ে চালক ও তাকে চড়-থাপ্পড় দিয়ে জমির মাঝে একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে যায়। সেখানে অটোরিকশা চালকের হাত-পা বেঁধে পাঁচ যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা তাকে জ্ঞান হারানো অবস্থায় রেখে চলে যায়।

ছাত্রীটি আরও জানায়, জ্ঞান ফিরে পেয়ে সে অটোরিকশা চালকের হাত-পায়ের বাঁধন খুলে দেয়। এরপর চালক তাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন সন্ধ্যায় সে আবারও কৈলাইন বাজারে গিয়ে দুই ধর্ষককে চিনতে পেরে স্থানীয় লোকজন ও পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ছাত্রী মামলা দায়ের করার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।