,

‎কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

‎কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম।
‎
‎প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। ছাত্রীদের পাসের হার প্রায় ৫১ দশমিক ২৫ শতাংশ।


‎
‎অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন। সে হিসাবে ছাত্রদের পাসের হার প্রায় ৪৩ দশমিক ১৭ শতাংশ। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
‎
‎এবারের ফলাফলে বোর্ডের অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। তবে বিপরীত চিত্রও রয়েছে। বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার পাস করতে পারেনি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের পাশাপাশি শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা নিয়েও ফলাফল পর্যালোচনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
‎
‎এদিকে গত বছরের তুলনায় চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।
‎
‎সামগ্রিক ফলাফলে এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ জনে। ছাত্র-ছাত্রীদের ফলাফলের ব্যবধান, শতভাগ পাস এবং কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানগুলোর চিত্র এবারের ফলাফলে বিশেষভাবে উঠে এসেছে।
‎
‎উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ৭২৭ জন উত্তীর্ণ হয়েছে।