লাকসামে মসজিদের রড চুরির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ
রিয়াদ হোসাইন, লাকসাম:
কুমিল্লার লাকসামে মসজিদের নির্মাণকাজের রড চুরির প্রতিবাদ করায় রাসেল মজুমদার নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গত ২৫ অক্টোবর উপজেলার কাঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাসেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালিয়া এলাকায় একটি মসজিদের নির্মাণকাজের রড চুরির প্রতিবাদ করেন রাসেল মজুমদার। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করায় কয়েকজন ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ হন। এর জেরে ঘটনার দিন বিকেলে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কাঁচি নিয়ে রাসেলের পথরোধ করেন অভিযুক্তরা। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার বুক, পেট ও পিঠে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত রাসেলকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বলেন, অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।