,

‎কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 6, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

‎বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে ৬ নভেম্বর দিনব্যাপী সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং কর্মশালা কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
‎
‎পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও প্রার্থনা সঙ্গীতের পর কর্মশাল উদ্বোধন করেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।


‎
‎রোভার মো. শাহাদাত হোসেন সাজিদের পরিচালনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, রোভার অঞ্চলের রোভার লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের,কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।


‎
‎দিনব্যাপী সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং কর্মশালা প্রশিক্ষক ছিলেন ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লার প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।
‎
‎মাসুক আলতাফ চৌধুরী বলেন, সংবাদই জনমত গঠনের অন্যতম হাতিয়ার। তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যে একটি সংবাদ কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে তথ্য পাচ্ছি, তা কতটা সত্য? যে সংবাদ প্রচার করছি, তা কতটা নির্ভরযোগ্য? এখানেই সংবাদ সংগ্রহ ও রিপোর্টিংয়ের গুরুত্ব অপরিসীম।
‎
‎গাজীউল হক সোহাগ বলেন, সংবাদ সংগ্রহ মানে শুধু কোনো ঘটনা দেখে তা অন্যকে জানানো নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সত্য অনুসন্ধান, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। একজন সংবাদকর্মীকে যেমন সত্যের প্রতি অবিচল থাকতে হয়, তেমনি একজন রোভার স্কাউটকেও সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়।
‎
‎ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, এই কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তোমরা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না; বরং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট ইউনিট ও সমাজে তা ছড়িয়ে দেবে। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে সচেতন, দায়িত্বশীল ও তথ্যজ্ঞানসম্পন্ন একটি প্রজন্ম। তোমারা মাদক ও কিশোর গ্যাং অপরাধ থেকে নিজেরা দুরে থাকবে এবং মাদক মুক্ত সুন্দর সমাজ তৈরীতে প্রশাসনকে সহায়তা করবে।
‎
‎মহিউদ্দিন মোল্লা বলেন, সংবাদ প্রথমত, সত্যতা যাচাই। কোনো তথ্য শোনামাত্র প্রচার করা যাবে না। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে হবে। দ্বিতীয়ত, বস্তুনিষ্ঠতা। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, আবেগ কিংবা পক্ষপাত যেন সংবাদকে প্রভাবিত না করে।


‎তৃতীয়ত, নৈতিকতা ও দায়িত্বশীলতা। কারও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন তথ্য বা ছবি প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশু, নারী ও সংবেদনশীল ঘটনার সংবাদ পরিবেশনে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
‎
‎অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আজকের এই কর্মশালা রোভার স্কাউটদের মধ্যে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাবে। একজন দক্ষ রিপোর্টার হওয়ার পাশাপাশি তোমরা দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারবে। বর্তমান সময়ে শুধু তথ্য জানাই যথেষ্ট নয়; তথ্যের সত্যতা বোঝা এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াও একটি বড় দায়িত্ব। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ার এই সময়ে তরুণদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
‎
‎কর্মশালায় উপস্থিত ছিলেন লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি সাজ্জাদ হোসেন ও খাদিজা ইয়াসমিন নেয়ামাসহ কুমিল্লা জেলা ১৯টি প্রতিষ্ঠানের শতাধিক রোভার ও গার্ল ইন রোভার স্কাউট সদস্যরা।