All posts by jitu

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, গুলাগুলিতে প্রাণ গেল ২জনের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গোষ্ঠীগত সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার আলিয়ারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুনাই গ্রামের প্রবাস ফেরত দেলওয়ার হোসেন নয়ন। যিনি প্রায় এক মাস আগে দেশে ফিরেছিলেন এবং ১নং আলিয়ারা ইউনিয়নের সাবেক সদস্য ছালেহ আহমেদ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দেলওয়ার হোসেন নয়নের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং পরে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে ছালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতদের পরিবারের অভিযোগ, আলাউদ্দিন মেম্বার ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা করে এবং থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে।

উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থন্বেষী মহল ও দুষ্কৃতিকারীরা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা করে ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্র-সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৫ জেলায় “মেডিকেল ক্যাম্পেইন: ফ্রি স্বাস্থ্য সেবা পেলেন ৭ হাজার ২৯৯ জন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৫ জেলায় “মেডিকেল ক্যাম্পেইন–২০২৬” এর আওতায় মোট ৭ হাজার ২৯৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৬ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এই ক্যাম্পেইন এর মাধ্যমে ৭ হাজার ২৮৩ জন রোগীকে সাধারণ চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং ১৬টি অপারেশন (স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে) সফলভাবে সম্পন্ন করা হয়। রোগীদের মধ্যে পুরুষ ছিলেন ২ হাজার ৭২ জন, নারী ৩ হাজার ২৬০ জন এবং শিশু ১ হাজার ৯৬৭ জন।

৬ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলায়, ৯ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়,
১১ জানুয়ারি নোয়াখালী চৌমুহনীতে, ১৩ জানুয়ারি ফেনি জেলার সোনাগাজী উপজেলায় ও ১৫ জানুয়ারি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৩৩ পদাতিক ডিভিশনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের জন্য তা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদরে একযোগে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী। উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে এই বিশাল কর্মীদল বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বিএনপি নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারাও আওয়ামী লীগ থেকে আসা এসব নেতাকর্মীদের মিষ্টি মুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, দলের নীতি ও আদর্শকে মনেপ্রাণে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে নতুন যোগদানকারীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

কুমিল্লা জেলার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।

এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে কুমিল্লা-১( দাউদকান্দি -মেঘনা) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন যার মধ্য পুরুষ ৭৬৯৯ মহিলা ৯০০,কুমিল্লা -(হোমনা-তিতাস) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন সাত হাজার ২৯০ জন।যার মধ্যে পুরুষ ৬৬৪৫ নারী ৬৪৫ জন,কুমিল্লা – ৩ মুরাদনগর আসনে ৯৪৯৮ যার মধ্যে পুরুষ ৮৯০৭ ও নারী ৫৯১ জন,কুমিল্লা – দেবিদ্বার আসনে ১০১০৫ জন,যার মধ্যে পুরুষ ৯৩৮৯ ও নারী ৭১৬ জন,কুমিল্লা -৫( বুড়িচং -ব্রাহ্মনপাড়া) আসনে ১২৩৩০ জন যার মধ্যে পুরুষ ১১৩০০ ও নারী ১০৩০ জন,কুমিল্লা -৬( আদর্শ সদর- সিটি করপোরেশন – সদর দক্ষিণ) আসনে ১১৯১৬ জন,যার মধ্যে পুরুষ ১০৫৫১ ও নারী ১৩৬৫ জন,কুমিল্লা -৭ চান্দিনা আসনে ৫৭২২ জন,যার মধ্যে পুরুষ ৫৩৯১ জন ও নারী ৩৩১ জন,কুমিল্লা -৮ বরুড়া আসনে ৮৪৪৮ জন,কুমিল্লা -৯ ( লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১১১৬৩ জন যার মধ্যে পুরুষ ১০৪৬৯ নারী ৬৯৪ জন,কুমিল্লা -১০( নাঙ্গলকোট -লালমাই) আসনে ১৩৯৩৮ জন যার মধ্যে পুরুষ ১৩০৯৪ নারী ৮৪৪ ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে মোট পোষ্টাল ভোটার ১২৫৪১ জন,যার মধ্যে ১১৮১৩ ও নারী ৭২৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন।

পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দফতরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।

চাঁদপুরের শাহরাস্তিতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাড়ির পাশের খাল থেকে খুরশীদা বেগম (৭০) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খুরশীদা সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব হাজি বাড়ির মৃত মো. আলীর মেয়ে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীরা জানায়, খুরশীদা বেগম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। গত প্রায় ৫ বছর আগ থেকে তিনি মানসিক রোগে আক্রান্ত। বাড়ির লোকজন তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করান। প্রায় সময় তিনি না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। লোকজন গিয়ে তাকে খুঁজে আনতেন।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে খাবারের পরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। সকালে তাকে নাস্তা খাওয়ার জন্য ঘরে ডাকতে গিয়ে আরে খুঁজে পাননি। পরে ঘটনাস্থলে মরদেহ পাওয়া গেছে এমন সংবাদে ওই বাড়ির লোকজন সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ওই বৃদ্ধার শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধ ঘোষণা

সেলিম সজীব:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালের পর শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ করা হয়।

মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসিরকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানান, উপজেলার ভাওরখোলায় এক শিশু কন্যা (৮) এই ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির ভাওরখোলা গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।

মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, ফেসবুকে এই ঘটনাটি লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে নাসিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচংয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম মো. আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উত্তরপাড়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, শংকুচাইল এলাকা থেকে একটি সিএনজি কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান এবং মোটরসাইকেলের চালকসহ ২ জন গুরুতর আহত হন।

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।

স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল হোসেন জানান, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণেই এসব দুর্ঘটনা বাড়ছে। কালা মিয়া একজন ভালোমানুষ ছিলেন।

নিহতের বোন জামাই রফিকুল ইসলাম জানায়, কালা মিয়া খুবই দরিদ্র ছিলেন। তার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনি প্রচারণায় আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

একই দিন বিকালে তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। এ সময় সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশা করেন। পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৪ জানুয়ারি তারেক রহমান কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, তারেক রহমানের আগমনে ভোটের মাঠে গণজোয়ার সৃষ্টি হবে। জেলার সব সংসদীয় আসনে আমাদের দলীয় প্রার্থীদের বিজয়ে সহায়ক ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছেন।