All posts by jitu

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ডেস্ক রিপোর্ট:

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গত ৩১ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে বা তার পুনরায় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সলে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান ছিলেন।

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

এসময় মাইক্রোবাস থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন ও (এস.আই) সৈকত দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। কুমিল্লা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে ছয়ঘড়িয়া এলাকায় এলাকায় গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে মাইক্রোবাসটি দ্রæত স্থান ত্যাগ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশও সাথে সাথে পিছু নেয়। এক পর্যায়ে মহাসড়কের দোতলা এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় অন্তত ১৫০ জন নিহত

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় অন্তত ১৫০ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভারী বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলে গত দুই দিনে কমপক্ষে ১৫০ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজনের বেশি মানুষ। যে কারণে মৃতের সংখ্যা দুই শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বেনগাজিতে রেড ক্রিসের প্রধান কাইস ফাখেরি লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় প্রাণহানির এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স। তিনি বলেছেন, ‘আমরা ভবন ধসের পর অন্তত ১৫০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। মৃতের সংখ্যা আড়াইশ জনে পৌঁছাতে পারে শঙ্কা করছি। পরিস্থিতি খুবই বিপর্যয়কর।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, দেশটির বেনগাজি, সোসি, আল-বায়দা, আল-মারজ এবং দেরনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় তলিয়ে যাওয়া গাড়ির ছাদে অনেক মানুষ আটকা পড়েছেন।

সোমবার টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেরনা শহরের বাসিন্দা আহমেদ মোহাম্মদ জানান, ‘আমরা ঘুমিয়ে ছিলাম এবং ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই আমাদের বাড়িতে পানি। আমরা ঘরের ভেতরে রয়েছি এবং বের হওয়ার চেষ্টা করছি।’

নিখোঁজদের মধ্যে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সাত সদস্য রয়েছে বলে জানিয়েছেন এলএনএর মুখপাত্র আহমদ মিসমারি। খলিফা হাফতারের নেতৃত্বাধীন এই বাহিনী বিভক্ত দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

পূর্ব লিবিয়ার আলমোস্তকবাল টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজ দেখা গেছে, প্রবল বন্যায় যানবাহন ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, উপকূলীয় শহর দেরনায় পানির স্তর বিপৎসীমার তিন মিটার (১০ফুট) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সংসদ ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানির ঘটনায় দেশে তিন দিনের শোক ঘোষণা করেছে। অন্যদিকে, ত্রিপোলির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-বেইবাহও ক্ষতিগ্রস্ত সব শহরে তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলকে ‘দুর্যোগ কবলিত’ এলাকা বলে অভিহিত করেছেন।

দেশটির প্রধান চারটি তেল বন্দর রাস লানুফ, জুয়েটিনা, ব্রেগা এবং এস সিদ্রা শনিবার সন্ধ্যা থেকে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সেখানকার দুই তেল প্রকৌশলী রয়টার্সকে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে। কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্কুল ও দোকানপাট বন্ধ করে দিয়েছে এবং কারফিউ জারি করেছে।

সূত্র: রয়টার্স।

হোয়াটসঅ্যাপে আসছে থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্ম

হোয়াটসঅ্যাপে আসছে থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্ম

 

ডেস্ক রিপোর্টঃ

ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেট বিধি অনুয়ায়ী থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে অ্যালফাবেট (গুগল), আমাজন, অ্যাপল, বাইটড্যান্স ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে যুক্ত হতে হবে।

এই আইনের সঙ্গে সংগতি বজায় রাখতে হোয়াটসঅ্যাপে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিং সুবিধা নিয়ে আসছে মেটা। হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা গেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপের আসন্ন বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ডব্লিউবেটাইনফো এক প্রতিবেদনে বলে, অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ২.২৩. ১৯.৮ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা যাবে। তবে টুলটি এখনই ব্যবহার করা যাচ্ছে না। একটি স্ক্রিনশটে দেখা যায়, ফিচারটিতে কোনো অপশন বা বাটন নেই।

এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, ২০২৪ সালের মার্চের মধ্যে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিংয়ের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটের বিধি মেনে চলবে মেটা।

ইউরোপসহ বিশ্বের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্ম ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই পরিষেবাগুলো ব্যবহার করা তুলনামূলক সহজ। এনক্রিপ্টেড মেসেজিংয়ের সুবিধা দিয়ে অ্যাপগুলো ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে থাকে।

মেটা, অ্যাপল ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোর অবাধ ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) প্রণয়ন করেছে। ডিএমএ কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে প্রি–ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার অনুমতি দিতে নির্দেশনা দিয়েছে। যাতে ব্যবহারকরীরা অ্যাপ স্টোর থেকে তাঁদের ইচ্ছানুযায়ী অ্যাপ ইনস্টল করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে মেটা ও মাইক্রোসফট নিজস্ব অ্যাপ স্টোর তৈরির কথা বিবেচনা করছে।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ী থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ২ জন যুবককে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

উক্ত অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান ওরফে জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়ার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী

শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য মমতাজ বেগমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।

এসময় মন্ত্রী সরকারের বেশকিছু পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। তিনি জানায়, মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করা, রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে পণ্য আমদানি নিশ্চিত করা, বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা হচ্ছে। এছাড়া পাঁচ হাজারের ডলারের বেশি প্রবাসী আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাইপ লাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করা হচ্ছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানায়, রুগ্ন শিল্পের সমস্যা সমাধানের জন্য ২০০৯ সালে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ ও ২০১২ সালে ২৭৯টি রুগ্ন গার্মেন্টস এবং ২০১১ ও ২০১৫ সালে ১০০টি রুগ্ন টেক্সটাইল শিল্পের ঋণ বিলুপ্তের সার্কুলার জারি করা হয়েছে।

সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচিতে কৃষি ও পল্লী ঋণ খাতে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ আকারে বিতরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে বসে পা দোলাচ্ছিল যুবক, অত:পর..

কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে বসে পা দোলাচ্ছিল যুবক, অত:পর..

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া এক যুবককে ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভরাসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

কুমিল্লার ফায়ার সার্ভিস লিডার জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া যুবকের নাম নাসির উদ্দীন। সে তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।

মেকআপ ছাড়া ছবি দিয়ে সমালোচনার শিকার মধুমিতা সরকার

মেকআপ ছাড়া ছবি দিয়ে সমালোচনার শিকার মধুমিতা সরকার

ডেস্ক রিপোর্ট:

কোনো দিন মধুমিতা সরকারের কোনো ছবি আলোচনায়, তো কোনোদিন তার অভিনয় নিয়ে বিতর্ক। মধুমিতা যেখানেই যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে ভোলেন না।

কয়েক দিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হলো নায়িকাকে। কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। ব্যস্‌, এই ছবি দেখতেই দর্শকের একাংশ ছেড়ে কথা বললেন না তাকে।

মেকআপ ছাড়া ছবি দিয়ে সমালোচনার শিকার মধুমিতা সরকার

এক জন লিখেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস আরেক জন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!

আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।

তবে এ সব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনো দিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধির এমন দায়িত্বহীন কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। হামলাকারী আবুল বাসার মাইজখার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য। আহত কর কর্মচারী মো. মহসিন একই ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম আয়কর বিভাগে কর্মচারী পদে কর্মরত।

আহত আয়কর কর্মচারী মহসিন জানান, আমাদের নিজস্ব জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে ওই ইউপি সদস্যের সাথে আমার কথা কাটাকাটি হয়। ৮ সেপ্টেম্বর আমি চট্টগ্রাম থেকে বাড়ি আসার সময় রামমোহন নতুন বাজারের (পানিপাড়া বাজার) মাহী এন্টারপ্রাইজ দোকানে আসি। এসময় ওই দোকানে ইউপি সদস্য মো. বাসারও বসা ছিল। আমি সবার সাথে কুশল বিনিময় করে তার কাছে যেতেই সে ক্ষিপ্ত হয় আমার উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় ওই ইউপি মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।

অভিযুক্ত মো. আবুল বাসার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন- জমি সংক্রান্ত বিরোধে সে আমাকে মোবাইল ফোনে হুমকি ধমকি দেয়। ওই ক্ষোভে প্রথমে আমি তাকে ধাক্কা দেই এবং পরে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।

মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মহসিনকে তার মেয়ের সামনেই লাঞ্ছিত করেছে বলে আমি জেনেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক স্যারের কাছে পাঠানো হচ্ছে। সেখান থেকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।