All posts by jitu

কুমিল্লার চান্দিনায় রাজমিস্ত্রি খুন: পরকীয়া প্রেমিকা ও তার স্বামী গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় পুকুর থেকে রাজমিস্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাবুর গাঁও গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী শুক্কুর আলী।

শুক্রবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাবিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, ৯ আগস্ট সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকা থেকে মো. আরিফ হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মো. আরিফ হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে।

আরিফের সাথে গ্রেফতারকৃত চার সন্তানের জননী ফাতেমা বেগমের পরকীয়া ছিল। এক মাস পূর্বে ফাতেমা বেগম স্বামীর বাড়ি থেকে পালিয়ে আরিফের ভাড়া বাড়িতে চলে আসে। উভয়ে এক মাস স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাড়িতে থাকার পর ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে না করে প্রতারণা করছে। তাই সে তার পূর্বের স্বামী শুক্কুরকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বলে জানায়। পরে স্বামী স্ত্রী মিলে আরিফকে উচিৎ শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে।

এর প্রেক্ষিতে গত ৭ আগস্ট রাতে ওই ভাড়া বাসায় আসে শুক্কুর। খাটের নিচে লুকিয়ে থাকে। রাতে আরিফ বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় খাটের নিচ থেকে বের হয়ে আসে শুক্কুর। প্রথমে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে শুক্কুর। আরিফকে বালিশ চাপা দেয় ফাতেমা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আরিফের বড় ভাই তারিছ আলী বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর শোয়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খান।

কুমিল্লায় বাস থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) গভীর রাতে জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে তল্লাশির সময় এ অস্ত্রের চালানটি উদ্ধার করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সদস্যরা।

শুক্রবার (১১ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই ও মো. মোস্তফা কামাল বৃহস্পতিবার গভীর রাতে ফোর্সসহ জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী সাগরিকা পরিবহনে তল্লাশীর সময় বাসে একটি কালো রংয়ের হাত ব্যাগ দেখতে পান। হাত ব্যাগটি দেখতে পেয়ে বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে ব্যাগটি যাত্রীদের কারও বলে স্বীকার না করায় ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি লোহার তৈরি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলটিতে ইংরেজিতে লেখা আছে মেড ইন ইতালি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, হাইওয়েতে যাত্রী ও চালকের সার্বিক নিরাপত্তা এবং যানজট নিরসনের পাশাপাশি কুমিল্লা হাইওয়ে পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালানরোধে বদ্ধ পরিকর।

বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক:

অবশেষে সকল জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য টাইগারদের নেতৃত্বে থাকবেন সাকিব।

গত ৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। তামিম ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর গত কয়েক দিন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে মূল আলোচনা ছিল বিশ্বকাপ এবং এশিয়া কাপের অধিনায়কত্বে কে আসবে সে বিষয়টি। আলোচনায় ছিলেন সাকিব, লিটন এবং মেহদী হাসান মিরাজ। তবে শেষমেশ সাকিবের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়ে তাকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার (১১ আগস্ট) সাকিবকে অধিনায়ক করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে আজ বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’

প্রথম দফায় বিশ্বসেরা এই অলরাউন্ডার দলকে নেতৃত্ব দিয়েছেন প্রায় দুই বছর। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরের পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় এই অলরাউন্ডারকে। এর ৬ বছর পর ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি থেকে অবসরে গেলে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে আবারও নেতৃত্বে ফেরেন সাকিব। একই বছরে মুশফিকুর রহিমের কাছ থেকে দ্বিতীয়বারের মতো সাদা পোশাকের অধিনায়কের দায়িত্বও পান তিনি।

এরপর দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২২ সালের জুনে টেস্ট ক্রিকেট দিয়ে আবারও টাইগারদের নেতৃত্বে ফেরেন সাকিব। মাস কয়কে পরেই টি-টোয়েন্টির নেতৃত্বও পান তিনি। এবার পেলেন ওয়ানডের অধিনায়কত্ব। তাতে প্রায় এক যুগ পর আবারও তিন ফরম্যাটে সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

সাদা পোশাকে তিন দফায় ১৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে ৪ জয়ের বিপরীতে ১৫ টেস্টে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দুই দফায় ৫০ ম্যাচে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন সাকিব। যেখানে ২৩ জয়ের বিপরীতে ২৬ হার। বাকি একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। আর টি-টোয়েন্টিতে তিন দফায় সাকিবের নেতৃত্বে ৩৯ বার মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ২৩ হারের বিপরীতে ১৬ টি জয় রয়েছে।

ফ্যাসিবাদী সরকারের বন্ধু কমছে, শত্রু বাড়ছে : এবি পার্টি

অনলাইন ডেস্ক:

সরকারের পদত্যাগের ১ দফা দাবি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামত এবং সংস্কারের ২ দফা আন্দোলন কর্মসূচি হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে শুক্রবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেগুনবাগিচা, বিজয় নগর, কাকরাইল, নাইটেঙ্গেল, নয়াপল্টন ও পুরানা পল্টন প্রদক্ষিণ শেষে মিছিলটি শ্রমভবনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

সমাবেশে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতি, দুঃশাসন ও নজিরবিহীন লুটপাট করে আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে ফেলেছে, এখন তারা দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়। দিন যত যাচ্ছে তাদের ভুলের পরিমাণ দ্বিগুন হচ্ছে। ফ্যাসিবাদী সরকারের বন্ধু কমছে, শত্রু বাড়ছে।

অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করতে উদ্যত হয়েছিল তাদের করুণ পরিণতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি মেনে যদি পদত্যাগ না করে তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দেলনকে দমন করে আবার জাসদের মত হটকারী রাজনীতি চালুর উস্কানি দেবেন না। মনে রাখবেন আপনাদের জিঘাংসার রাজনীতির কারণেই এদেশে সর্বহারাদের হটকারী গলাকাটা রাজনীতি চালু হয়েছিল। আপনারা এখন আবার সেটা আমদানি করতে চাচ্ছেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রকীব উদ্দীন আর নুরুল হুদা কমিশনের মত আউয়াল কমিশনও দ্বিতীয় বাকশালের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। মুদির দোকানদার, চা-পানের দোকানদার থেকে শুরু করে যাকে তাকে দলীয় নিবন্ধন দিচ্ছে নির্লজ্জভাবে, শুধু রাজনৈতিক দল ছাড়া। ১/১১’র আমলেও আমরা রাজার বানানো দল দেখেছি, কিন্তু সেই পিডিপির আর কোনো খবর নেই আজকে।

যুগে যুগে ফ্যাসিবাদীরা যেমন করে ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে গেছে, তেমনি বর্তমান বাকশাল ও তার দোসররাও হারিয়ে যাবে, শুধু রয়ে যাবে তাদের প্রতি জনমানুষের ক্ষোভ এবং ঘৃণা। ইতিহাস ও দেশের উত্তর প্রজন্ম কাউকে ক্ষমা করবে না, আজ হোক কাল হোক কাঠগড়ায় দাঁড়াতেই হবে নমরুদ আর ফেরাউনের মত অভিশপ্ত জালেম হিসেবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, আব্দুল হালিম খোকন, শাহিনুর আক্তার শীলা, সাইফুল ইসলাম মীর্যা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুমিল্লায় পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা: গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনায় পরকীয়ার জেরে প্রেমিককে হত্যার ঘটনায় স্বামী ও স্ত্রী দুই জনেকে গ্রেফতার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাবুর গাঁও গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী শুক্কুর আলী। শুক্রবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাবিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানান, ৯ আগস্ট সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকার পুকুর থেকে আরিফ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরিফ হোসেন পেশায় ছিলেন রাজমিস্ত্রি। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে।

আরিফের সাথে গ্রেফতারকৃত চার সন্তানের জননী ফাতেমা বেগমের পরকীয়া ছিল। এক মাস পূর্বে ফাতেমা বেগম স্বামীর বাড়ি থেকে পালিয়ে আরিফের ভাড়া বাড়িতে চলে আসে। উভয়ে এক মাস স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাড়িতে থাকার পর ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে না করে প্রতারণা করছে। তাই সে তার পূর্বের স্বামী শুক্কুরকে জানায়। পরে স্বামী স্ত্রী মিলে আরিফকে উচিৎ শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে।

এর প্রেক্ষিতে গত ৭ আগস্ট রাতে ওই ভাড়া বাসায় আসে শুক্কুর। খাটের নিচে লুকিয়ে থাকে। রাতে আরিফ বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় খাটের নিচ থেকে বের হয়ে আসে শুক্কুর। প্রথমে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে শুক্কুর। আরিফকে বালিশ চাপা দেয় ফাতেমা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আরিফের বড় ভাই তারিছ আলী বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর শোয়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান।

বাইডেন পাগল হয়ে গেছে, ট্রাম্পের দাবি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনায় আবারও মুখর হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বাইডেনকে ‘পাগল ও অযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর আরটি।

ট্রাম্প লেখেন, জো বাইডেন একসঙ্গে দুটি বাক্য বলতে পারেন না। তিনি দেশের সীমান্ত খুলে দেওয়ার যে বিপর্যয় সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের একসময়ের মহান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও ক্ষতিকারক সিদ্ধান্ত হবে। এ ধরনের অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে।

বাইডেনকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আমাদের দেশকে এমন একজন মানুষ ধ্বংস করছে যার মননশক্তি, চিন্তাচেতনা ও আইকিউ একজন প্রথম শ্রেণির শিক্ষার্থীর সমান।’

বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে একটুকু বলেই থামেননি ট্রাম্প। তিনি আরও লেখেন, ‘তিনি (বাইডেন) নির্বোধ ও অযোগ্য। তিনি পাগল হয়ে গেছেন।’

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্পের বিভিন্ন নীতি থেকে সরে আসেন জো বাইডেন। এরপরই যুক্তরাষ্ট্রে নজীরবিহীন অভিবাসন সংকট দেখা দেয়। বাইডেনের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন।

২০২৪ সালর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। তবে নির্বাচনের আগের সময়টা তেমন ভালো যাচ্ছে না তার। গত চার মাসে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে তিনবার আদালতে হাজিরা দিয়েছেন তিনি।

গত ১ আগস্ট ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এই মামলায় ৩ আগস্ট বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

এ ছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া এবং সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে দুটি মামলা হয়। যদিও এসব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, মৃত্যু ২৩ রোহিঙ্গার

অনলাইন ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে অন্তত ২৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

জীবিত কয়েকজন রোহিঙ্গা জানান, তারা সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের নৌকায় ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। একপর্যায়ে রাখাইনের রাজধানী সিত্তওয়ের কাছে একটি বড় ঢেউয়ের আঘাতের তাদের নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে ১৩ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছে। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর গণহত্যা অভিযান থেকে বাঁচতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যারা এখনো মিয়ানমারে রয়ে গেছে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশ ছাড়ার চেষ্টা করছেন। তাদের অনেকে উন্নত জীবনের আশায় সাগরপথে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি জমান।

ছোট মাছ ধরার নৌকায় গাদাগাদি করে আন্দামান সাগর দিয়ে এই দীর্ঘ সমুদ্রযাত্রা সবসময়ই বিপজ্জনক, বিশেষ করে ভরা বর্ষার মৌসুমে। অধিকাংশ রোহিঙ্গাই অক্টোবর থেকে মে মাসের মধ্যে সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ জন্য জনপ্রতি তাদের খরচ হয়ে থাকে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের মতো। বাড়ি, জমির মতোর মূল্যবান সম্পদ বিক্রি করে দিয়ে তারা এ অর্থের জোগান দিয়ে থাকেন।

বাংলা‌দে‌শে বি‌দে‌শি কূটনীতিকরা আগ বাড়িয়ে কথা বলেন : আব্দুল মো‌মেন

অনলাইন ডেস্ক:

বাংলা‌দে‌শে বি‌দে‌শি কূটনীতিকরা একটু আগ বাড়িয়ে কথা বলেন। অন্য কোনো দেশে এভাবে বলেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, আমাদের দেশে অনেক দিন থে‌কে এটা হ‌য়ে আসছে। এ জন্য বিভিন্ন মহল দায়ী। তবে এ সংস্কৃতি একদিনে পরিবর্তন করা সম্ভব হবে না। এখন সময় এসেছে, এ সংস্কৃতি থে‌কে বেরিয়ে আসার। এ সংস্কৃতি বন্ধে আমরা একটা সেমিনার করব।

যুক্তরাষ্ট্রের ব্যাংকে দুর্নীতি ক‌রে যেসব বাংলাদেশিরা অর্থ জমিয়েছে, তা জব্দের কথা শোনা যাচ্ছে- এ বিষ‌য়ে সরকারের প্রতিক্রিয়া কী জানতে চাইলে জবাবে মো‌মেন ব‌লেন, দুর্নীতি করে টাকা নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার যদি তা জব্দ করে সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশ। তারা যদি দুর্নীতি বন্ধে সাহায্য করে, আমরা খুব খুশি হবো। কারণ তাদের দেশে একটি আইন আছে, বেশি টাকা নিয়ে গেলে কাজের অনুমোদন পাওয়া যায়, তাদের নাগরিক হওয়া যায়।

মো‌মেন ব‌লেন, শুধু যুক্তরাষ্ট্রে নয়, অন্য দেশেও এ নিয়ম আছে। আর আমাদের দেশে যারা দুর্নীতি করে টাকা নিয়ে যান তা‌দের যদি জব্দ করা হয়, আমরা খুশি হবো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান ও শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ও অধ্যাপক লাইলুফার ইয়াসমিন, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, নাঈমুল ইসলাম খান ও রাহুল রাহা এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আব্দুর রশীদ।

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার বিষ‌য় কী ছিল জান‌তে চাইলে তিনি ব‌লেন, তারা তাদের বক্তব্য ও নির্দেশনা দিয়েছেন। গণমাধ‌্যমকর্মী‌দের জন‌্যও বি‌শিষ্টজনরা নির্দেশনা দিয়েছেন।

তিনি ব‌লেন, মার্কিন রাষ্ট্রদূত যখন বাংলাদেশের বিভিন্ন বিষয় নি‌য়ে কথা ব‌লেন, তখন সাংবাদিকরা কখনও তা‌কে প্রশ্ন করেননি আপনি ভিয়েনা কনভেনশনের ৪১ ধারা লঙ্ঘন করছেন কি না? কিংবা তা‌দের দেশে বিচার-বহির্ভূত হত্যার শিকার হওয়া নি‌য়ে কোনো প্রশ্ন করেন না।

তারা যখন বলে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কেউ তখন তাদের জিজ্ঞাসা করে না, আপনাদের দেশে অংশগ্রহণমূলক নির্বাচন কেমন? কত শতাংশ লোক ভোট দেন। আমরা শুনেছি যে ২৬ শতাংশের বেশি লোক ভোট দেন না। এসব প্রশ্ন আমাদের সাংবাদিকরা করেন না।

মো‌মেন ব‌লেন, বৈঠকে থাকা বিশিষ্ট এক ব্যক্তি ব‌লে‌ছেন, কূটনীতিকদের কীভাবে প্রশ্ন করতে হয়, সাংবাদিকদের তার একটা ওরিয়েন্টেশন দরকার। বৈঠকে বিভিন্ন বিষয় নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন।

দিক-নির্দেশনার বিষ‌য়ে সুনির্দষ্টভাবে জান‌তে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, একটা হচ্ছে, আগামী দিনে আমরা কীভাবে কূটনীতিকদের ম্যানেজ করব। এ বিষ‌য়ে তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, ১৪ কংগ্রেসম্যান চিঠি লিখেছেন। চি‌ঠি‌তে বাংলাদেশ নি‌য়ে যেসব ভুল তথ্য দেওয়া হ‌য়ে‌ছে, সেগু‌লো তু‌লে ধরা উচিত।

মার্কিন দুই কং‌গ্রেসম‌্যা‌নের বাংলা‌দেশ সফরের কারণ জান‌তে চাইলে মো‌মেন ব‌লেন, আমাদের ৫০ বছরপূর্তি উৎসবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খুব আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান। সে কারণে একের পর এক মার্কিন সিনিয়র কর্মকর্তারা এসেছেন, আমরা তাদের স্বাগত জানিয়েছি। তারা স্বেচ্ছায় এসেছেন, আমরাও খুব খুশি।

তিনি ব‌লেন, দুজন আসছেন মূলত রোহিঙ্গাদের বিষয়টি দেখার জন্য। রোহিঙ্গাদের আগে ১২ ডলার সহায়তা দেওয়া হতো এখন কমিয়ে আট ডলার করা হয়েছে। আর রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। দুই কংগ্রেসম্যান একটি অনুমোদন কমিটির সদস্য, তারাই টাকা অনুমোদন করেন। এখন এসে দেখবেন, আরও অর্থের দরকার আছে কি না, বাড়ানোর প্রয়োজন কি না।

যুব মহিলা লীগ থেকে বিএনপিকে শিখতে বললেন হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, তারা বড় একটা রাজনৈতিক দল হয়েও মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় না। কিন্তু আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগও মানুষের পাশে দাঁড়িয়েছে। এদের কাছ থেকে বিএনপির শেখা উচিত।

বৃহস্পতিবার বিকেলে তথ্যমন্ত্রী রাজধানীর শাহবাগে যুব মহিলা লীগের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী হাছান বলেন, ‘আমি বিএনপিকে বলব, সাজগোজ করে বিদেশি দূতাবাসে ধরনা না দিয়ে মানুষের পাশে দাঁড়ান। অগ্নিসন্ত্রাস করে মানুষ ও গাড়ি-ঘোড়া না পুড়িয়ে মানুষের পাশে দাঁড়ান, পুলিশের ওপর হামলা পরিচালনা না করে মানুষের পাশে দাঁড়ান।’

যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারওয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ অন্য সদস্যরা কর্মসূচিতে বক্তব্য রাখেন।