All posts by jitu

কুমিল্লায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সিডি প্যাথ অ্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেডে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। বিরল এই ঘটনায় হাসপাতালজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, এটি ছিল অত্যন্ত জটিল ও সংবেদনশীল একটি ডেলিভারি। তবে দক্ষতা, সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে তা সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন অভিজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. জাহানারা সুলতানা মজুমদার (লুনা), যার সঙ্গে ছিলেন দক্ষ নার্সিং টিম।

চিকিৎসকরা জানান, মা ও নবজাতকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং নার্সিং টিমের আন্তরিক সেবার ফলে মা ও নবজাতকরা সুস্থভাবে এই গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করেছেন।

এমন একটি আনন্দঘন ঘটনার অংশ হতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ গর্ব প্রকাশ করেছে। পাশাপাশি মা ও তিন নবজাতকের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্ট সবাই।

কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও বাজার উন্নয়নে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: কৃষিমন্ত্রী

কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও বাজার উন্নয়নে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: কৃষিমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি-বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে বিশ্বব্যাংক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

গোমতী নদীর তীরের মাটি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কুমিল্লার মুরাদনগরে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন। উপজেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতী নদীর তীরবর্তী নবীপুর (পশ্চিম) ইউনিয়নের মালিশাইর ও ধামঘরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে উর্বর মাটি উত্তোলন করে ইটভাটা ও কৃষিজমি ভরাটে ব্যবহার করা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙন ও প্রতিরক্ষা বাঁধের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

অভিযান চলাকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার ও এক্সকাভেটর বিকল করে দেওয়া হয় এবং মাটিবাহী ট্রাক্টর জব্দ ও ধ্বংস করা হয়। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন, গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও কৃষিজমি ধ্বংস করে কেউ অবৈধভাবে মাটি উত্তোলন করতে পারবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল বলছে, নদী রক্ষায় এ ধরনের নিয়মিত ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ভাঙন ও পরিবেশ বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এছাড়া, সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের(৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ার মরহুম জন্তুর আলীর ছেলে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী।

জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে আবুল খায়ের জমিতে কাজ শেষে পুকুরে গোসল করতে যান। এ সময় জোরশোরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে পুকুরের ঘাটলায় অবস্থানকালে বজ্রপাতে কৃষক আবুল খায়ের লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন টের পেয়ে আবুল খায়েরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা বলেন, ‘হাসপাতালে আনার আগেই বজ্রপাতে কৃষক আবুল খায়েরের মৃত্যু হয়েছে’।

মিরপুর থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

মিরপুর থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ।

রোববার (২৯ মার্চ) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আর এস ফাহিমকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

এছাড়া, জুলাই মাসের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের একাধিক থানায় তার বিরুদ্ধে মামলা থাকতে পারে বলে জানা গেছে। এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসএসসি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা

এসএসসি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা

 

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।

রবিবার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। এর আগে, গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান নির্দেশনাসমূহ:

১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. অচল বা বিকল সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।
৩. সিসিটিভিতে ধারণ করা ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
৪. প্রতিটি কক্ষে দেয়ালে ঝোলানো (কাটাওয়ালা) ঘড়ির ব্যবস্থা রাখতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।
৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
৭. পরীক্ষার্থীদের নকল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্রে প্রবেশের আগে দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষকের মাধ্যমে তল্লাশি করতে হবে।
৮. কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে রাখতে হবে।
৯. পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
১১. সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপরোক্ত নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের গর্বিত সন্তান এড. মোশারফ হোসেন আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ পদে লড়ছেন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের পায়ের খোলা গ্রামের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির কৃতি সন্তানদের অবদানের জন্য পায়ের খোলা গ্রামটি শুধুমাত্র চৌদ্দগ্রাম নয় বৃহত্তর কুমিল্লা জেলা নয় পুরো বাংলাদেশেই সর্বজন সুধীমহলে এক নামেই পরিচিত পায়ের খোলা মিয়া বাড়ি নামে।

“মিয়া বাড়ির “আলোকিত সফল ব্যক্তিত্বদের পদচারণায় যুগ যুগ ধরে মুখরিত বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিটি অঙ্গনে আর মিয়া বাড়িটির ঐতিহ্য তার সুসন্তানদের কল্যাণেই।

ঐতিহ্যবাহী সেই পায়ের খোলা মিয়া বাড়ির যে বাড়িটি বৃহত্তর কুমিল্লা জেলায় এক নামেই পরিচিত সে বাড়ির কয়েকজন সূর্য সন্তানের মধ্যে অন্যতম :-

স্বাধীনতা উত্তর বাংলাদেশের ঔষধ শিল্পের জনক ও প্রথম সফল সাহসী উদ্যোক্তা, (যিনি একজন সফল আয়কর উপদেষ্টা এবং ব্যবসায়ী হিসেবেও সমাদৃত ছিলেন) কুমিল্লা শহরস্থ কান্দিরপাড়ের নজরুল এভিনিউতে “শর্মা কেমিক্যালস” নামক ঔষধ কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ঔষধ প্রস্তুত এর সূচনা হয়েছিল মরহুম মাহবুবুল হক সাহেবের মাধ্যমে যার ফলস্বরূপ আজ বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রণালয়ের সাবেক সফল সচিব, মন্ত্রিপরিষদ সচিব
এবং নির্বাচন কমিশনার আবিদুর রহমান ছিলেন এই বাড়ির সন্তান।

বাংলাদেশ “রোডস এন্ড হাইওয়ের ” স্বনামধন্য
প্রধান ইঞ্জিনিয়ার (Chief Engineer) আরিফুর রহমান জিন্নাহ, যার মেয়াদকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সফল ও মজবুত, টেকসই উন্নয়নের ফলেই বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে আমদানিকৃত পণ্যদ্রব্য সরবরাহের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল। এই স্বপ্নদ্রষ্টার অবদান বাংলাদেশের অর্থনীতির চাকা সচলের বর্তমান হাতিয়ার হিসেবে বিবেচিত ।

মিয়া বাড়ির গৌরবোজ্জ্বল সন্তান আরিফুর রহমান জিন্নাহ, তার উদ্যোগী উদ্যম ও সফল নেতৃত্ব গুণে
” সমগ্র বাংলাদেশের রোডস এন্ড হাইওয়ের” অভূতপূর্ব, অবিস্মরণীয় যুগান্তকারী এক পরিবর্তনের মাধ্যমে চমকে দিয়েছিলেন যা এক বিরল দৃষ্টান্ত।

আর সেই পায়ের খোলা গ্রামের আলোকোজ্জ্বল নক্ষত্রদের ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মের প্রথিতযশা কুমিল্লা জজ কোর্টের ২০২৬-২৭ আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করা পায়ের খোলা মিয়া বাড়ির আরেক গর্ব কুমিল্লা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী মোশারফ হোসেন (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেরও একজন স্বনামধন্য আইনজীবী ।
সমগ্র বাংলাদেশে গরিবের আইনজীবী হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া মরহুম অ্যাডভোকেট বাসেত মজুমদার স্যারের স্নেহভাজন, আস্থাবান ও প্রিয় শিষ্য হিসেবে হাতে খড়ি। শুধু তাই নয় উনার প্রতিষ্ঠিত আব্দুল বাসেত মজুমদার এসোসিয়েটস’র মত স্বনামধন্য চেম্বারের একজন গর্বিত সদস্যও বটে। )

চৌদ্দগ্রামের মিয়া বাড়ির এই কৃতি বিজ্ঞ আইনজীবী কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি আর কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন।

কুমিল্লা জিলা স্কুলে থাকাকালীনই ছাত্র রাজনীতিতে যার হাতে খড়ি আর কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেয়াদকালে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা আর সেজন্যই ছাত্র অবস্থা থেকেই পুরো কুমিল্লা শহরের পরিচিত জনপ্রিয় একজন ছাত্র-নেতা হিসেবে নেতৃত্বে সফলতার সহিত গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আইন বিষয়ে পড়াশোনা সমাপ্ত করেন, সিলেটের সর্বপ্রথম প্রতিষ্ঠিত এবং বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় “সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি” থেকে।

অতঃপর নিজ শহর “কুমিল্লা জজ কোর্টে” আইন পেশায় নিয়োজিত হয়ে এখন পর্যন্ত সততা, ন্যায়নিষ্ঠতা, মানবিকতা, স্বচ্ছ -ইমেজ আর মানবিকতার জন্য সমাদৃত ও সকলের প্রিয় পাত্র পুরো কুমিল্লা শহর জুড়েই, চৌদ্দগ্রামের পায়ের খোলা, মিয়া বাড়ির “এই কৃতি সন্তান যার মানবিক গুণাবলীর জন্য সকলের নিকট সমাদৃত হয়ে এখন পর্যন্ত সফলতা ও সুনামের সহিত আইনি পেশা চালিয়ে যাচ্ছেন।

কুমিল্লা জজ কোর্টে আইনি পেশার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে জনপ্রিয়তার এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন স্ব- মহিমায় আর সেজন্যই দল-মত নির্বিশেষে সকলের নিকট স্নেহ ও আস্থাভাজন এবং শ্রদ্ধার পাত্র একজন মানবিক (অ্যাডভোকেট মোশারফ হোসেন সাহেবের শ্রদ্ধাভাজন গুরু মরহুম দেশ বরেণ্য এডভোকেট আব্দুল বাসেত মজুমদার স্যারের যেন যোগ্য শীর্ষ আর উত্তরসূরী) আইনজীবী হিসেবেই সর্বাধিক সমাদৃত।

চৌদ্দগ্রাম উপজেলার সকল আইনজীবীদের মধ্য তার সমান গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিদ্যমান ঐতিহ্যবাহী পায়ের খোলা মিয়া বাড়ির কৃতি সন্তান বলে চৌদ্দগ্রামে সমানভাবে জনপ্রিয় ও সম্মানিত।

মোশারফ হোসেন কুমিল্লা জজ কোর্টের সকল বিজ্ঞ আইনজীবীগণের নিকট দোয়া প্রার্থনা করেছেন
এবং তাদের একটি মূল্যবান “ভোট ” প্রদান করে নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে আইনজীবী সমিতির উন্নয়নে ও কুমিল্লার জজ কোর্টের গুরুত্বপূর্ণ অবদানের সুযোগ রাখার আহ্বান জানিয়েছেন।

হোমনায় নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি।। 

কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) হোমনা- বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচের নদীত থেকে ভাসমান লাশ টি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের (৪০)। পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে লাশ টি শনাক্ত করেন। পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে লাশটি তার মেয়ে শামসুন্নাহারের বলেই শনাক্ত করেন।

বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের স্থানীয়রা দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রর জানা যায়, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। গত কয়েকদিন পূর্বে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে সে নদীর স্রোতের সাথে পানিতে তলিয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকার কারনে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ লাশটি ভেসে উঠে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

হোমনায় দুই বাইকের সংঘর্ষে নিহত-১,আহত-২

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নি’হত ও দুইজন আহত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে হোমনা টু কোম্পানিগঞ্জ রোডের শ্রীপুর-কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ এর সামনে দুই বাইকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটলে এ দূ’র্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাইক চালক পল্লী বিদ্যুৎ এর ইলেকট্রিশিয়ান কাউসার মিয়া মা’রা যান।

সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে। আহতরা হলেন ঘারমোড়া ইউনিয়নের রহমত উল্লাহ ও মোঃ আবদুল্লাহ। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

যানা যায়, আনুমানিক রাত বারোটার দিকে চার বন্ধু মিলে দুইটি বাইক নিয়ে মুরাদনগরের তিতাস থেকে হাঁসের মাংস ও রুটি খেয়ে বাড়ি ফিরছিলেন। আসার সময় কৃষ্ণপুর স্থানে তাদের নিজেদের দুই বাইকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে তারা গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকে।

এসময় পথচারীরা তাদের কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করেন।

অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন জ্বালানি তেল জব্দ

অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন জ্বালানি তেল জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুত ৬ টন জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিমানবন্দর এলাকার একটি অবৈধ আস্তানা থেকে প্রায় ৩০ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডিজেলের পরিমাণ প্রায় ৬ হাজার লিটার, যা প্রায় ৬ টনের সমপরিমাণ। এ সময় তেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া জ্বালানি তেল ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।