All posts by jitu

যুবলীগ নেতা জামাল হত্যা: এবার অস্ত্র মামলায় রিমান্ডে চেয়ারম্যানের ভাই মাসুদ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পড়ে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের ঘটনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মো মাসুদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১০ জুলাই) সিনি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতের বিচারক আব্বাস উদ্দিন এই আদেশ দেন। একই সাথে মাসুদ জামাল হত্যাকাণ্ডের ১০ নাম্বার আসামী।

মাসুদ আলমের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন জামাল হত্যাকাণ্ড মামলার বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন।

বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন বলেন, ‘ ১৬৪ ধারায় শুটার দেলু, ছাত্রলীগ নেতা মাজহারুল ও গাড়ি চালক সুমন হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহে মাসুদের সংশ্লিষ্টতার বিষয়টি পরিষ্কার হয়। সেখানে তারা বলেছেন, মাসুদ তার স্ত্রীর মাধ্যমে আলমারীতে অস্ত্র রেখেছেন। আবার সেগুলো আলমারী থেকে নিয়ে মহাসড়কের পাশে ঝোঁপে লোকিয়ে রেখেছেন। আমরা আশা করি, অস্ত্র মামলার গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র সরবরাহের মাফিয়ারা বেড়িয়ে আসবে। কিভাবে কোন পথে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে, কারা এসব নিয়ে আসতেছে; তা পরিষ্কার হবে’।

তিনি আরো বলেন, ‘এছাড়া জামাল হত্যাকাণ্ডে কারা অর্থ সহায়তা করেছেন এই বিষয় গুলো বেড়িয়ে আসবে। মাসুদের রিমাণ্ডের মাধ্যমে জামাল হত্যাকাণ্ডের সকল তথ্য বেড়িয়ে আসবে বলে মনে করি’।

অস্ত্র মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকত স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে মাসুদের অস্ত্র সরবরাহে সংশ্লিষ্টতার বিষয়টি আদালতকে বলে। মাজহারুল আদালতকে জানায়, ‘জামাল হত্যাকাণ্ডের পর অস্ত্র গুলো মাসুদের বাড়ি সে রেখে আসে৷ তারপর মাসুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্যাগে করে অস্ত্র গুলো লোকিয়ে রাখে’।

অপরদিকে শুটার দেলু ও গাড়ি চালক সুমন হোসেন জামাল হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহের বিষয়টি জবানবন্দিতে আদালতকে বলেছে।

প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদ যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ১০ নাম্বার আসামী। পরবর্তীতে একই ঘটনায় চান্দিনা থানার অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখায় আদালত। কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খুন হন। তিনজন বোরকা পরে এসে তাকে গুলি করে হত্যা করেন।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসায়িক সূত্রে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।

নোয়াখালীতে তিন হাসপাতালে পাঁচ লক্ষ টাকা জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিভিন্ন অপরাধে তিনটি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নেতৃত্বে জেলা শহর মাইজদী শহরে এ অভিযান চালানো হয়।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় ডক্টরস ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজগর আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুস সাত্তার ফরাজীকে ৫০ হাজার টাকা ও এ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভদ্রকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হতে রক্ষার্থে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীতে সড়ক নির্মাণের ৭ দিন মধ্যেই ভেঙ্গে গেছে সড়ক।

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ফলাহারী গ্ৰামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আওতায় একটি নতুন সড়ক নির্মাণের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে গেল সড়ক। উঠেছে সিডিউল বহির্ভূত ভাবে সড়ক নিমার্ণ ও অনিয়মের অভিযোগ।

সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ও ইটের খোয়া, শেওলা যুক্ত মরা পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়াও সড়কের পাশে থাকা গাইড ওয়াল গুলোও নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।

এলজিইডি কবিরহাট উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে এই সড়ক নির্মাণ হয়েছে। কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মুবিন এন্টারপ্রাইজ। তবে কাজটি করছেন মুকুল নামে এক ব্যক্তি।

এলজিইডি কবিরহাট উপজেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে কবিরহাট উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের করম বকস বাজার টু বানদত্ত বাজার সড়কের ২ কিলো মিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়। যাহা শেষ হয়েছে এ বছরের ২৭ জুন।

এলাকাবাসীর অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছেমতো সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন ঠিকাদার। কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান এসব অনিয়ম করেছে। এজেন্টে নিম্নমানের ইট, খোয়ার পরিবর্তে ব্যবহার করা হয়েছে একেবারে নিম্নমানের ইটের খোয়া, নিম্নমানের বালু, শেওলা যুক্ত মরা পাথর, নিম্নমানের বিটুমিন।

নিন্মমানের কাজের বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে স্থানীয় জনগণ সড়কের কাজে বাঁধা দেন এবং ওই সড়ক থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে বলেন। তারপর কবিরহাট উপজেলা প্রকৌশলী বিভাগকে মৌখিক ভাবে জানিয়েও কোন ফল পাওয়া যায়নি।

নিম্নমানের পাথর দিয়ে বৃস্টির মধ্যেই সড়কটি পিচ ঢালাই করা হয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী বলছে, এই বর্ষায় সব উঠে যাবে। এত খারাপ রাস্তা করার কী দরকার? স্থানীয়রা তদারকি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান, উচ্চ পর্যায় থেকে কবিরহাট উপজেলার সকল ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নোয়াখালীর আওতায় বাস্তবায়িত কাজ গুলো সঠিক ভাবে তদন্ত করা হলে আরো অনেক অনিয়ম দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে।

কারণ তদারকি প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সরকারি সিডিউল অনুযায়ী উন্নয়ন কাজের মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এটা অনেকটা ওপেন সিক্রেট।

সড়কের বিষয়ে জানতে ঠিকাদার মুকুল এর মুঠোফোনে কয়েকবার কল করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের ৫-৬ অংশ ভেঙ্গে গেছে। একটি অংশে সড়কের উপর বিদ্যুতের পিলার রেখেই পিচ ঢালাই করা হয়েছে, অপর অংশ ভেঙ্গে গেছে। এই অবস্থায় জরুরী অবস্থায় কোন গাড়ি কিংবা এ্যাম্বুলেন্স রোগী নিয়ে যেতে পারবেনা।

কবিরহাট উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা বলেন, সড়কের যে অংশ গুলো ভেঙ্গে গেছে, সে গুলো আমরা দেখবো। ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এখন অনেক ঠিকাদার কাজ করতে চায়না, কারণ সব কিছুর দাম বেড়ে গেছে, বিটুমিনের দাম বেড়ে গেছে। তিনি আরও বলেন, এটা গ্রাম্য সড়ক। তারা অনিচ্ছা সত্ত্বেও কাজ করছে। আপনারা হাইওয়ে যে সড়ক গুলো হয় ওই গুলো দেখেন।

 

গলায় গামছা প্যাঁচানো মোটরসাইকেল চালকের মরদেহ মিলল খালে

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে গলায় প্যাঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহত মো.করিম (২৫) জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো.বেলালের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোবায়ের বাজারের তানিশা প্রজেক্ট সংলগ্ন সুইচ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার পথে সুইচ খালে এক যুবেকের লাশ ভাসতে দেখে। পরে তাদের শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে গলায় গামছা প্যাঁচানো যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি তদন্ত আরও বলেন, তার হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

স্ত্রী পরিচয়ে মতলব উত্তরে এনে নোয়াখালীর মেয়েকে হত্যা : আসামী গ্রেফতার

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব উত্তরে নোয়াখালীর গৃহবধূ পলি আক্তারকে হত্যার পাঁচ দিনের মধ্যে ক্লুলেস মামলার আসামী হান্নান মুন্সী (৪৪) কে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই জানায়, পলির শরীরে থাকা চিরকুটের সূত্রধরে হত্যাকান্ড জড়িত হান্নান মুন্সীকে তার নিজবাড়ী থেকে শনিবার (৮ জুলাই) রাতে গ্রেফতার করা হয়। রোববার সকালে তার দেয়া তথ্যমতে মোবাইল ফোন ও নিহতের জামা কাপড় উদ্ধার করা হয়। তারা দুজন পরকীয়ায় লিপ্ত ছিল। তবে হান্নান মুন্সী তার চাচাতো ভাইদের সাথে সম্পত্তি বিরোধ থাকায় পলি আক্তারকে হত্যা করে তাদের আসামী বানাতে এই পরিকল্পনা করে। যা চিরকুটে লেখার সাথে প্রমাণিত হয়।

জানা যায়, গত ৪ জুলাই মঙ্গলবার সকাল ৮টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন বাগানবাড়ী ইউপিস্থ বাগানবাড়ী টু কালিরবাজার পাকা সড়কের নয়াকান্দি এলাকার সালাউদ্দিনের বাড়ীর উত্তর পার্শ্বে ঢালুতে ২৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে চাঁদপুর পিবিআই এর তদন্ত টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মহিলার লাশের পরিচয় সনাক্ত করা হয়। নিহত ব্যক্তি নোয়াখালী জেলার সুধারাম উপজেলার নোয়ান্নাই এলাকার জাগিদার বাড়ির তাজুল ইসলামের মেয়ে পলি আক্তার (২৮)। ঘটনার পর তার বড়ভাই মোঃ ফরহাদ হোসেন সোহাগ (৩২) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে পিবিআই চাঁদপুরের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শামীম আহাম্মদ এর নেতৃত্বে চাঁদপুর পিবিআই এর তদন্ত টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সংঘটনকারী মূলহোতা কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীকান্তদি মুন্সি বাড়ির আদম আলীর ছেলে হান্নান মুন্সি (৪৪) কে চট্টগ্রাম ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট ২নং মাইলের মাথা সংলগ্ন আসামীর ভাড়াবাসা হতে গ্রেফতার করে।

আসামীকে জিজ্ঞাসাবাদ করার পর সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে, ভিকটিম পলি আক্তারকে গত ১ জুলাই উক্ত আসামী চট্টগ্রাম হতে কুমিল্লা দাউদকান্দি থানাধীন মলয় শ্রীচাউল মোহাম্মদপুর গ্রামে তাহার পরিচিত জনৈক রুবেল এর বাড়িতে তাহার স্ত্রী পরিচয়ে নিয়ে আসেন। সেখানে এসে আসামী হান্নান ও তাহার কথিত স্ত্রী পলি আক্তারসহ একদিন একরাত অবস্থান করার পর পলি আক্তারকে রুবেল এর বাড়ীতে রেখে গত ২ জুলাই সকাল ১১টায় দাউদকান্দি তাহার নিজ বাড়িতে চলে যায়। এবং এদিন দিবাগত রাত অনুমান ২টায় ভিকটিম পলি আক্তারের গর্ভপাতের বিষয়টি রুবেলের স্ত্রীকে জানান।

রুবেলের স্ত্রী রুবেলকে বিষয়টি মোবাইলে অবগত করে। রুবেল তার ওস্তাদ হান্নানকে বিষয়টি জানায়। হান্নান তাৎক্ষণিকভাবে ওইদিন রাতেই রুবেলের বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে চলে যায়। পরদিন ৩ জুলাই সারাদিন দাউদকান্দি ও তার আশপাশ এলাকায় গাড়ি চালিয়ে সন্ধ্যা পর্যন্ত কাটান। ওইদিনই দিবাগত রাত অনুমান ৩টায় ভিকটিমকে নিয়ে আসামী মতলব উত্তর উপজেলাধীন সিকদার সাকিনে একটি নির্জন স্থানে ভিকটিমের পরিধেয় কাপড়ের ব্যাগে রক্ষিত জামা-কাপড় দিয়ে গাড়িতে বসা অবস্থায় ভিকটিমের নাকে মুখে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে ভিকটিমকে হত্যা করে।

পরবর্তীতে ভিকটিমের মৃতদেহ নিজ গাড়িতে করে ঘটনাস্থলের রাস্তার পাশে ফেলে দেয়। আসামীর স্বীকারোক্তি মোতাবেক দেখানো ও তার সনাক্ত মতে ঘটনাস্থলের পাশে প্রজেক্টের পুকুর হইতে ভিকটিমের ব্যাগে রক্ষিত কাপড় চোপড় উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়। মামলা তদন্ত অব্যাহত আছে। আজ আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ শামীম আহামেদ, মামলার তদন্তকারী কর্মকর্তা রিয়াদ মঈনুদ্দীন, মো: আমির হোসেন, এএসআই শাহজালাল সহ আরো অনেকেই।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউনিটি হাসপাতাল বন্ধ ঘোষণা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে কুমিল্লা সিভিল সার্জেন অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী। এই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন অফিসের নির্দেশে ওই হাসপাতালের সকল কার্যক্রম মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন।

সরেজমিনে দেখা যায়, মৌখিকভাবে বন্ধ ঘোষণা করলেও হসপিটাল কর্তৃপক্ষ এক সাটার লাগিয়ে ওই হসপিটালের ভিতরে সকল কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিটি হাসপাতালের কোন লাইসেন্স নাই। হাসপাতাল মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে বোকা বানিয়ে লিফলেট, ফেস্টুন ও বড় বড় সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করছেন।

এই প্রতিষ্ঠানে অবৈধভাবে চলছে রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা। চেম্বারে নিয়মিত না বসলেও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে চিকিৎসকদের নাম লেখা হচ্ছে। ফলে রোগীরা প্রতারণা শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকা, প্যাথলজিস্ট, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের মধ্যে মাসের পর মাস এসব হসপিটালের কার্যক্রম চলছে।

লাইসেন্সবিহীন অবৈধ ইউনিটি হসপিটালে চিকিৎসাসেবার মানসম্মত কোন পরিবেশ নেই বলেও অভিযোগ পাওয়া যায়। হাসপাতাল প্রতিষ্ঠায় জরুরি বিভাগ, শীতাতপ নিয়ন্ত্রিত ঝুঁকিমুক্ত অপারেশন থিয়েটার, চিকিৎসার জন্য যন্ত্রপাতি, ঔষুধ বর্জ্য ব্যবস্থাপনা ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরি নেই। এই ইউনিটি হসপিটালের বড় বড় সাইনবোর্ডে একাধিক চিকিৎসকের নাম থাকলেও তারা নিয়মিত চেম্বারে বসেন না। মালিকপক্ষ এসব চিকিৎসকেদের সাথে চুক্তি করে সাইনবোর্ডে তাদের নাম ব্যবহারের মাধ্যমে রোগীদের ঠকাচ্ছে।

সিভিল সাজর্ন অফিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সুযোগ দেয়া হবে না।

এবিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মোঃ ফিরোজ মিয়া বলেন, লাইসেন্স এর জন্য আবেদন করা হয়েছে। আমরা আশা করি কিছু দিনের মধ্যে পেয়ে যাবো। গত কালকে সিভিল সার্জেন অফিসের প্রতিনিধি দল সাময়িকভাবে বন্ধ রাখার নিদের্শ দেন। আমরা বন্ধ রেখেছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন বলেন, ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল বাজারে ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি।লাইসেন্সবিহীন কোন হাসপাতাল পরিচালনা করার কোন সুযোগ নেই। কুমিল্লা সিভিল সার্জেনের নিদের্শে গত মঙ্গলবার আমরা ওই হাসপাতালের সকল কর্যক্রম মৌখিকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পরবর্তী নির্দেশ না আসার পর্যন্ত ইউনিটি হাসপাতালের কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

আজকে পাপনের মন ভালো নেই

স্পোর্টস ডেস্কঃ

খুলনা, চট্টগ্রাম এবং মিরপর। তিন ভেন্যুতে খেলছে বাংলাদেশের তিনটি ক্রিকেট দল। অথচ তিন ম্যাচের কোনোটিতে সুখবর নেই বাংলাদেশের।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডেতে বৃষ্টি আইনে ২৯ ওভারে ১৬৩ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১০ রানে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৩২ রানের টার্গেট তাড়ায় ১৪২ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১১৪ রান করে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি হারে ৭ উইকেটে।

গত তিন দিনে ৩ ম্যাচেই পরাজয় দেখে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা শেষে বিসিবি সভাপতি বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।’

নারী দলকে নিয়ে পাপন বলেন, মেয়েদের ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। তারপরও ভারতের সঙ্গে ভালো খেলেছে, ভবিষ্যতে আরো ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওদের সেভাবে সুযোগ-সুবিধা দিতে পারি না। ওরা যেরকম পায়, ওদের সম্ভাবনা খুবই ভালো।

আফগানিস্তানের বিপক্ষে সাকিব-তামিমদের সিরিজ হারের ব্যাপারে পাপন বলেন, ওটা ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হবে।

কুমিল্লাসহ দেশের ৯ জেলায় ৬০ কিমি. বেগে ঝড়বৃষ্টির আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (৯ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর লঘুচাপের বাড়তি অংশের অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

নাঙ্গলকোটে প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর মৃত্যু, সন্তান আহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে বিউটি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত বিউটি আক্তার উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ড নাওগোদা গ্রামের মিয়াজী বাড়ির বজলুর রহমানের ছেলে সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে প্রবাসী স্বামী সিরাজুল ইসলামের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় বিদ্যুতের খুঁটি থেকে আসা মেইন তার থেকে ঘরের টিনে বিদ্যুৎস্পর্শ হয়। কথা বলার একপর্যায়ে টিনের মধ্যে হাত লাগলে ঘটনাস্থলেই বিউটির মৃত্যু হয়। বিউটির সঙ্গে তার ছেলে সাজ্জাদ হোসেনও (১২) বিদ্যুৎস্পর্শ হয়।

পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিউটিকে মৃত ঘোষণা করেন। ছেলে সাজ্জাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠিয়ে দেন।

নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।