All posts by jitu

চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে অতিথি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, মিডিয়া ও প্রচার বিভাগ সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউছার, কমিটির সদস্য আলী মোঃ সবুজ, এডভোকেট ফেরদৌস আহমেদ দুলাল, অভিভাবক সদস্য রেজাউল করিম মিন্টু, আব্দুল্লাহ আল ফরহাদ, মোঃ সাহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু বলেন, ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে যে কোন প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী একবারই আসে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আগামী বৃহস্পতিবার পালন করা হবে।
এ লক্ষ্যে সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ২ হাজার এ্যালামনাই রেজিষ্ট্রেশন করে সদস্য হয়েছে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ১৯৭৫-২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাফল্যসহ বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে স্মরণিকা প্রকাশ, সম্মাননা স্মারক প্রদান, গিফট বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও রেজিষ্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর ৪ জনের নাম ঠিকানা জানাতে পারেনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে।

একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বানিহীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে।

এ নিয়ে দুটি পক্ষ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

৪ জনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তেও পারে।

অভিযোগের বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, স্থানীয় আলাউদ্দিন গুপ ও সামসু গ্রুপের মধ্যে জাগলার চর দখল নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর ৪ জনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত: প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

প্রেমের টানে পরিবারের অগোচরে বিয়ে—তারপর সেই সম্পর্কই রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে। কুমিল্লার মুরাদনগরে যৌতুক না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল মাঝির মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অজান্তে বিয়ে করেন তানজিনা ও রুবেল। বিয়ের এক বছরের মাথায়ই শুরু হয় দাম্পত্য কলহ। চার লাখ টাকা যৌতুকের দাবিতে তানজিনার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে রুবেল।

নির্যাতন সহ্য করতে না পেরে ঘটনার চার দিন আগে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তানজিনা।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে বাবার বাড়িতে ফেরার পথে গোমতী নদীর ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রুবেল ধারালো ছুরি দিয়ে তানজিনার ওপর এলোপাতাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: প্রবল তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত কুদ্দুস রুবেলকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই হত্যাকাণ্ড আবারও সমাজে যৌতুকের ভয়াবহতা ও নারী নির্যাতনের নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। প্রেমের বিয়ে হলেও যৌতুকের দাবিতে একটি তরুণ জীবন নিভে যাওয়ায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দেবিদ্বারে দুই শতাধিক আ.লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ

ডেস্ক রিপোর্ট:

দেবিদ্বারে ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার রাতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হাতে ফুল দিয়ে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এর আগে উপজেলার শালঘর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর বাড়িতে আসেন। এ সময় তাদের বরণ করে নেওয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান নিয়ে সোমবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ওই আসনের সংসদ-সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে। গত ১৭ বছর ধরে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, গণতন্ত্রের জন্য হরতাল-অবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এই পুনর্বাসন তাদের সঙ্গে একটা জুলুম। আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন-আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে-এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়।’

হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন-আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।’

‘দেবিদ্বারবাসী, আপনারাই বিচার করবেন-কোন বিএনপি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাঁবেদারি করেছে। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে এই ধান্দাবাজ হাইব্রিড বিএনপিরা যেই প্রতারণার মিছিল শুরু করেছে সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।’

কুমিল্লায় দলবদলের এক দিন পর সাবেক ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বিএনপিতে যোগদানের এক দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত শহীন মিয়া বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিকভাবে শাহীন দেবিদ্বারের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

গত রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করেন তিনি। তাদেরকে মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে দলে বরণ করে নেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম শাহ জানান, দেবিদ্বার বড়শালঘর থেকে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপস্থিত পাবলিক প্রসিকিউটরের বক্তব্য শুনে এবং নথিপত্র পর্যালোচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেনের স্বক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়। অভিযুক্তরা হলেন— ড. মো. জালাল উদ্দিন, স্ত্রী শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসিনীমা তানিভী। এমন খবরে চাঁদপুর-২ নির্বাচনী আসনের মতলব উত্তর ও মতলব দক্ষিণে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। আক্তার হোসেন আরও বলেন, মো. জালাল উদ্দিন অভিযোগ সংশ্লিষ্ট প্রধান ব্যক্তি। তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগ অনুসন্ধান চলছে। এ ছাড়া তাঁর সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজন ব্যক্তি রয়েছেন, যাদের বিরুদ্ধেও একই অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন, এতে করে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে জনস্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে।

তথ্য প্রযুক্তির যুগেও এগিয়ে চলা একটি স্থানীয় দৈনিক

মোঃ মাসুদ হোসেন:

প্রকাশনার ১৯ বছর পূর্ণ করল চাঁদপুর খবর। প্রতিনিয়ত দারুণ সব কাজ করে গত ১৯ বছর ধরে চাঁদপুরের মানুষের মনে অনন্য এক জায়গা করে নিয়েছে এই পত্রিকাটি। ২০০৬ সালের ১৩ এপ্রিল প্রকাশিত হয় চাঁদপুর খবর এর সাপ্তাহিক প্রথম সংখ্যা। তখন থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদের পাশাপাশি চমৎকার সব ফিচার ও কলাম মন কাড়ে পাঠকের। পরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। সেই সঙ্গে চাঁদপুর খবর নানা সামাজিক ও মানবিক কার্যক্রম আয়োজন করে নিয়মিত, যা পত্রিকাটিকে করে তোলে অপ্রতিদ্বন্দ্বী। গত করোনাকালেও নিয়মিত প্রকাশ হয়েছে দৈনিক চাঁদপুর খবর। কঠিন এই সময়ে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছেন এর কর্মীরা। সবার আশা, কঠিন সময় পেরিয়ে একসময় নিশ্চই সব ঠিক হয়ে যাবে। তাই হয়েছে।

দেখতে দেখতে চাঁদপুর খবর ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠার পর থেকেই চাঁদপুর খবর প্রতিদিন সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। চাঁদপুরসহ দেশের সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ এ পত্রিকাটিতে দেখতে পাই। লক্ষ্য করেছি, এ পত্রিকার সম্পাদকীয় ও অন্যান্য নিবন্ধে জেলার সঠিক চিত্র প্রতিফলিত হয়। আশা করি বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও দৈনিক চাঁদপুর খবর জেলার সাধারণ মানুষের তথ্য বিনোদন ও শিক্ষামূলক তথ্য চাহিদা পূরণে আরও জোরালো ভূমিকা রাখবে।

সাফল্যের সাথে এগিয়ে চলা দৈনিক চাঁদপুর খবর। ঊনিশ পেরিয়ে বিশে পা রাখলো পাঠকপ্রিয় এই পত্রিকাটি। আমার দেখা জেলার সংবাদপত্র জগতে নিজস্ব ‘ভিশন’ নিয়েই আবির্ভাব ঘটে চাঁদপুর খবরের। কিন্তু চাঁদপুর খবর কথা রেখেছে, পাঠকের কাছে অঙ্গিকারের ব্যত্যয় ঘটায়নি। তবে চলার পথে কখনোই নীতির প্রশ্নে আপোষ করেনি; অন্যায়ের কাছে মাথা নত করেনি পত্রিকাটি। দীর্ঘ এ পথের বাঁকে বাঁকে নানা বাধা-বিপত্তি অতিক্রম করেছে পত্রিকাটি। দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পালাবদলে কখনো কণ্ঠ চেপে ধরার চেষ্টা হয়েছে; কখনো মত প্রকাশে প্রতিবন্ধকতার চেষ্টা হয়েছে। চাঁদপুর খবর সব বাধা অতিক্রম করে আপোষহীনভাবেই এগিয়ে চলেছে।

বর্তমানের কর্পোরেট সাংবাদিকতার যুগে দেশের অনেক গণমাধ্যম টিকে থাকার স্বার্থে দেশি-বিদেশী প্রভাবশালীদের রক্তচক্ষুর ভয়ে স্রোতে গা ভাসিয়েছে; কখনো কখনো কর্পোরেট হাউজের অপকান্ডের ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু চাঁদপুর খবর সেই স্রোতে গা ভাসায়নি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ ও জেলার গণমানুষের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে ‘খবর প্রচারে’ সোচ্চার থেকে পাঠক মহলে প্রশংসা কুড়িয়েছে। প্রায় উনিশ বছর আগে জন্ম নেয়া চাঁদপুর খবর সে সময়ের তরুণ সম্পাদক রাশেদ আলম ওরফে সোহেল রুশদীর নেতৃত্বে যে অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে; সংবাদ প্রচার ও মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সে অঙ্গিকার আজো অটুট রেখেছে। নতুন প্রজন্মও তা অনুধাবন করে চলছেন দিনের পর দিন।

চাঁদপুর প্রেসক্লাব নেতৃত্বদানকারী ব্যক্তি সোহেল রুশদী সম্পাদিত পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হলেও ২০১৬ সালের ২২ ডিসেম্বর নব রূপে অনুমোদন পেয়ে ২৩ ডিসেম্বর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি দেড় যুগ পেরিয়ে ২ যুগ পূর্তির সন্নিকটে। মফস্বলে মাঠ কাঁপানো তরুণ সাংবাদিক সোহেল রুশদী এর সম্পাদনায় দৈনিক চাঁদপুর খবর এগিয়ে চলছে তার নিজ গতিতে। বিজ্ঞানের বদৌলতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও খবর এখন সহজলভ্য। টিভির রিমোট টিপলেই তাৎক্ষণিক তাজা খবর; মোবাইল টিপলেই অনলাইনের খবর পাওয়া যায়। তবে প্রিন্ট মিডিয়ার চাহিদা ফুরিয়ে যায়নি। কিন্তু বস্তুনিষ্ঠতা, খবরের পেছনের খবর এবং খবরের নিরপেক্ষতার কারণে চাঁদপুর খবর বর্তমান সময়ে জেলার পাঠকদের কাছে এখনো সমাদৃত।

চাঁদপুরে ঘটে যাওয়া প্রতিদিনের ইভেন্টের পাশাপাশি দেশের রাজনীতি, অর্থনীতিসহ দেশের চালচিত্রের খবর সব শ্রেণীর দেশি বিদেশেী পাঠকের জন্য তুলে ধরছে নিরলসভাবে। এতে অবদান রাখছেন চাঁদপুর খবর পত্রিকার রিপোর্টিং বিভাগ ও বার্তা বিভাগের সাংবাদিক, চাঁদপুর শহর ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি ১৯ বছর অতিক্রম করে ২০ বছরে পদার্পণ করেছে। পাঠকদের পছন্দ ও রুচির প্রতি চাঁদপুর খবর সবসময়ই দায়বদ্ধ ও যত্নশীল। পাশাপাশি জনসচেতনতা ও সুস্থ সংবাদ আহরণের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে চাঁদপুর খবর একাগ্রতার সঙ্গে কাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও নানান বয়সী পাঠকদের চাহিদা বিবেচনায় রেখে চাঁদপুর খবর বহুমাত্রিক সংবাদ প্রকাশ করে আসছে। এছাড়াও কোন উপলক্ষ ছাড়া নিয়মিত প্রকাশিত চাঁদপুর খবর পত্রিকাটি খুব অল্প সময়ে জেলার প্রতিটি প্রান্তরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

১৯ বছর ধরে বহমান সময়ের স্বাক্ষী এই পত্রিকাটি পাঠকের হৃদয় কেড়েছে। দীর্ঘ সময় অতিক্রম করে চলে আসা এই পত্রিকাটির পাতাজুড়ে রয়েছে ইতিহাস, রাজনীতি, অর্থনীতিসহ দেশের অনেক ঘটনাবলী। যা পড়লে এখনকার মানুষের কাছে আশ্চর্যজনক মনে হবে। সাবালক হওয়া মানুষটিও জন্মের পর থেকে দেখে আসছে চাঁদপুর খবরের অব্যাহত পথচলা। তিনি যেমন ভুলেন নি জন্মের পরে জেলায় ঘটে যাওয়া ঘটনাবলী। তেমনি কালের স্বাক্ষী হয়ে আছেন দৈনিক চাঁদপুর খবর। অতীতের ন্যায় দক্ষ কলম সৈনিকের লেখনিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য প্রযুক্তির এই যুগেও এর ধারা অব্যাহত রেখেছে পত্রিকাটি। বর্তমান প্রজন্মের পাঠকের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সংবাদ মাধ্যমটি।

পত্রিকাটির ছাপা কাগজের পাশাপাশি অনলাইন ও ইপেপারে সকল খবরা-খবর পড়তে পারছেন ডিজিটাল যুগের অনলাইন পাঠক প্রেমিরা। এক সময় মানুষ সকালে ঘুম থেকে জেগে চাঁদপুর খবরের পাতায় চোখ রাখতে যেমন ভুলেন নি, তেমনি বর্তমান সময়েও চাঁদপুর খবর ছাপা কাগজ কিংবা অনলাইনে চোখ জুড়াচ্ছেন এই পত্রিকা প্রেমিরা। সময়ের সাথে চলা চাঁদপুর খবর জেলার গণ্ডি পেরিয়ে দেশ ও দেশের মানুষের স্বার্থে অসামান্য অবদান রেখে চলছেন প্রতিনিয়ত। পত্রিকাটির এই শুভক্ষণে বলতে চাই- চাঁদপুর সহ দেশ-বিদেশের হাজার মিডিয়ার ভীড়ে অগণিত পাঠকের সিক্ত ভালোবাসা, আস্থা ও বিশ্বাস চাঁদপুর খবর অন্তহীন এই কর্ম-প্রচেষ্টার চলার পথে আরো সাহস-প্রেরণা যোগাবে। দীর্ঘ এ পথপরিক্রমায় গণমানুষের আশা-আকাঙ্খার যে খবরাখবর, বাস্তবচিত্র পত্রিকাটি তুলে ধরেছে, সেটি চাঁদপুরের সংবাদপত্রের জগতে এক ব্যতিক্রমী সংযোজন। জেলার গণমানুষের আশা-আকাঙ্খা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের সঠিক ও নির্ভুল খবর প্রকাশের মধ্য দিয়ে চাঁদপুর খবর আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। শত বাধা অতিক্রম করে চাঁদপুর খবর সব সময় সেরা থাকবে, সেরাদের সেরা হয়ে। এর ধারা অব্যাহত থাকুক আজীবন। দৈনিক চাঁদপুর খবর পরিবারের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। পথচলা আরও শুভ হোক।

সমাজকর্মী ও ফিচার লেখক
চাঁদপুর সদর।

মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল মীর (৪২) এবং মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য শফিকুল ইসলাম (৫৩)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ গ্রামের বাড়ি পরমতলা থেকে আব্দুল আউয়াল মীরকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে একই রাতে উপজেলার চন্দনাইল গ্রাম থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল কাদের জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি পুরনো রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকেও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় দলিল লেখকদের হাতে সাব রেজিষ্ট্রার লাঞ্চিত, রেজিস্ট্রি বন্ধ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে দলিল রেজিষ্ট্রি করতে রাজি না হওয়ায় সাব রেজিষ্টার(অতিরিক্ত দায়িত্ব) তারেক মাহমুদকে লাঞ্চিত ও অফিস থেকে বের করে দিয়েছে ভেন্ডাররা। সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ সাব রেজিষ্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। সাব রেজিষ্ট্রার চলে যাওয়ায় দলিল করতে না পেরে ফেরত গেছেন প্রত্যন্ত অঞ্চলের নারী ও পুরুষ। তারেক মাহমুদ মনোহরগঞ্জ সাব রেজিষ্ট্রার হলেও চৌদ্দগ্রামে গত দুইদিন যাবৎ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসে আগের সাব রেজিষ্ট্রারের কথা উল্লেখ করে আইন না মেনে প্রয়োজনীয় কাগজ ছাড়াই দলিল রেজিষ্ট্রি করতে চাপ দেয় ভেন্ডাররা। এরমধ্যে চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহীন ও স্ট্যাম্প ভেন্ডার কাউছার আহমেদ অন্যতম। সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদ আইনের বাইরে কোন দলিল রেজিষ্ট্রি করতে পারবে না বলায় ক্ষীপ্ত হয়ে উঠে ভেন্ডাররা।

পরে ধমক দিয়ে সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদকে চেয়ার থেকে নামিয়ে বের করে দেন। তখন অফিসের অন্যান্য অসাধু কর্মকর্তারা তাকিয়ে থাকলেও প্রতিবাদ করেনি। লাঞ্চিত হওয়ার পর সাব রেজিষ্ট্রার চলে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ দলিল না করেই বাড়ি ফিরে গেছেন। গত কয়েকবছর যাবৎ চৌদ্দগ্রামের সংঘবদ্ধ দলিল লিখক বা ভেন্ডার চক্র তাদের কথামতো অনিয়মে রাজি না হলে সাব রেজিষ্ট্রারকে লাঞ্চিত করেন। এরআগে সাব রেজিষ্ট্রার মেহেদী হাসানকেও লাঞ্চিত করেছিল ভেন্ডাররা।

মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বয়োবৃদ্ধ মাওলানা নেছার উল্লাহ বলেন, নানার বাড়ির হক সূত্রে পাওয়া সম্পত্তি কবলা নিতে আত্মীয় স্বজন সবাইকে অনেক কষ্টে নিয়ে আসলাম। এখানে আসার পর শুনেছি, ভেন্ডারদের সাথে দ্বন্দ্বে সাব রেজিষ্টার না থাকায় দলিল করতে পারিনি। এখন সবাই চলে যাচ্ছে।

চট্টগ্রামের ব্যবসায়ী জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরার শাহ আলম বলেন, ক্রয় করা জমির কবলা নিতে এসেছি। কিন্তু সাব রেজিষ্ট্রার-ভেন্ডারদের দ্বন্দ্বে সাব রেজিষ্ট্রার চলে যাওয়ায় কবলা নিতে না পেরে চট্টগ্রাম ফিরে যাচ্ছি।

স্ট্যাম্প ভেন্ডার কাউছার আহমেদ বলেন, সাব রেজিষ্টার তারেক মাহমুদ কাগজপত্র নিয়ে ঝামেলা করেছে। আজকে ওনি চলে গেছে। পরে এসে দলিল করবে বলে আমাদেরকে জানিয়েছে। ওনাকে আমার পক্ষ থেকে লাঞ্চিত করা হয়নি।

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহীন বলেন, পাওয়ার রেজিষ্ট্রি সাব কবলা দলিল নিয়ে একটি ঝামেলা হয়েছে। ওনি আইন দেখিয়ে করতে রাজি হয়নি। আগের সাব রেজিষ্ট্রার এসব দলিল করতো। কিন্তু তারেক মাহমুদ আর্থিক কিছু চাচ্ছেন, না দেওয়াতে দলিল না করেই চলে গেছে।

চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদ বলেন, ঝামেলার বিষয়টি অফিসিয়াললি দেখা হবে।

সোমবার বিকেলে কুমিল্লা জেলা রেজিষ্ট্রার আনোয়ারুল হক চৌধুরী বলেন, ‘সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদ মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছে। লিখিত অভিযোগ দাখিল করবে। তারপর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে দাউদকান্দি ছাত্রদলে মিছিল

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার আগমনকে স্বাগত জানিয়ে দাউদকান্দিতে মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

সোমবার (২২ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে থেকে মিছিল শুরু হয়ে হোমনা সড়কের মুখে গিয়ে শেষ হয়।

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ এবং বিপ্লবী সদস্য সচিব রিমন খন্দকার এর নেতৃত্বে স্বাগত মিছিলে যুগ্ম আহবায়ক এনামুল হক অপু, মহিউদ্দিন, সুজন, তরিকুল ইসলাম ইমন, সদস্য সোহেল রানা ও ইব্রাহীমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রদল । তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হবে এবং গণতন্ত্র ভিত শক্তিশালী হবে।

এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য দাউদকান্দির বিভিন্ন ইউনিয়নসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।