All posts by jitu

রবিবারের কুমিল্লাসহ ৫বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

 

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত করা হয়েছে রবিবারের পাঁচ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা।

শুক্রবার (১২ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বোর্ডগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবিবারের সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সই করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়নতারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

শনিবার (১৩ মে) ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। ইটভাটার অন্য শ্রমিকরা ঘাতক চাঁন মোস্তফাকে আটকের পর পুলিশে দিয়েছেন।

ইটভাটার শ্রমিকরা জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়নতারা ও একমাত্র মেয়ে তাজিনকে (১০) নিয়ে বসবাস করেন।

শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাগবিতণ্ডা হয়।

এ সময় ঘুম থেকে জেগে যায় মেয়ে তাজিন। একপর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে। এ অবস্থায় মেয়ে তাজিন ঘর থেকে বেরিয়ে অন্য শ্রমিকদের বিষয়টি জানায়। তারা গিয়ে দেখেন নয়নতারার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পরে চাঁন মোস্তফাকে পুলিশে সোপর্দ করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, মরদেহ সুরতহাল রিপোর্টের পর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে যুবকের গোসল

 

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করলেন মো. সিরাজ শেখ (৩৩) নামের এক যুবক। তার এমন কাণ্ডে এলাকায় হৈচৈ পড়ে গেছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে।

সিরাজ শেখ (৩৩) বাইখির চৌরাস্তা এলাকার মুজিবর শেখের ছেলে।

জানা যায়, মো. সিরাজ শেখ একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। ১৩ বছরের সংসার জীবনে তাদের ১১ বছরের একটি ছেলে রয়েছে। কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। দুই বছর আগে আদালতে মামলা হয়। উভয়ই একে অপরের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ৯ মে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তির পর সিরাজ শেখ খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে মো. সিরাজ শেখ বলেন, বিয়ের পর কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। সে আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ মে) দিবাগত গভীর রাতে উপজেলা সদরের দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে মো. নূরে আলম (৩২) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালক নূরে আলম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রনিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই মারা যান নূরে আলম। অপরদিকে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় মারা যান আহত রনি।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে আজ থেকে সারাদেশে বৃষ্টিপাত

 

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে শুক্রবার (১২ মে) থেকে বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ মে) সকালে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ এবার কক্সবাজার উপকূলের দিকে এগোচ্ছে। তাই কক্সবাজার এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।ওই এলাকা শুধু ঘূর্ণিঝড়ের বাতাসের গতির কারণেই ঝুঁকিপূর্ণ, তেমনটা নয়। অতিবৃষ্টিতেও সেখানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে সেন্টমার্টিন দ্বীপ ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার (১২ মে) সকাল থেকে সেন্টমার্টিনের বাসিন্দারা দ্বীপ ছাড়তে শুরু করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের আতঙ্কে সকাল থেকে কিছু মানুষ দ্বীপ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। দ্বীপের মানুষ যেন সুস্থভাবে টেকনাফ পৌঁছাতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি।

অবশেষ জামিন পেলেন ইমরান খান

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দীর্ঘ শুনানির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। খবর ডনের।

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ ইমরানের জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ইমরান খানকে ইসলামাবাদ প্রাঙ্গণ থেকে গ্রেফতারকে ‘অবৈধ ও বেআইনি’ বলে উল্লেখ করার পর দ্রুত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে দুই সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি শুরুর কিছুক্ষণ পরেই জুমার নামাজের জন্য বিরতিতে যান আদালত। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ফের শুনানি শুরু হয়।

এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে হাজির হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান। হাইকোর্টে হাজির হওয়ার পরপরই বায়োমেট্রিকের কাজের জন্য ইমরান খানকে সংশ্লিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। বায়োমেট্রিকের কাজ শেষে তাকে আদালতকক্ষে নিয়ে যাওয়া হয়।

কড়া নিরাপত্তার মধ্যে ইমরান খান শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। টেলিভিশনে প্রচারিত ফুটেজে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে অবস্থান করতে দেখা যায়। পিটিআইয়ের প্রধানের প্রতি সংহতি জানিয়ে বিপুলসংখ্যক আইনজীবীকে স্লোগান দিতেও দেখা যায়।

ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় তাকে গ্রেফতার করেছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো-ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। বুধবার বিশেষ আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) এ মামলায় ইমরান খানকে আট দিনের রিমান্ড দেন।

ইমরান খানকে গ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

যারা আছেন কুমিল্লা মহানগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটিতে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে ) রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ কমিটি অনুমোদন করেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন যারা:-

সভাপতি পদে রয়েছেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

সহ-সভাপতি পদে রয়েছেন- অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, ডা. বাকী আনিছ, কমান্ডার সফিউল আহমেদ বাবুল, উইং কমান্ডার গোলাম মো: সিকান্দর, আবিদুর রহমান জাহাঙ্গীর, গোলাম মওলা জসিম, নুর আহমেদ মজুমদার, অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী, ওয়াহিদুর রহমান।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরফানুল হক রিফাত।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন- আতিক উল্লাহ খোকন, শাহিনুল ইসলাম শাহীন, সৈয়দ নুরুর রহমান।

আইন সম্পাদক পদে এডভোকেট আমজাদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক পদে সাদেকুর রহমান রানা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে জমির উদ্দিন খান জম্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে কবিরুল ইসলাম শিকদার, দপ্তর সম্পাদক পদে বাবু শিব প্রসাদ রায়, ধর্ম সম্পাদক পদে নাজমুল করিম সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহিরুল কামাল, বন ও পরিবেশ সম্পাদক পদে সরকার মো: জাবেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোখলেসুর রহমান, মহিলা সম্পাদক পদে ফাহমিদা জেবিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে শাহজাহান সাজু, যুব ও ক্রীড়া সম্পাদক পদে সালেহ আহমেদ রাসেল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পদে হাবিবুর সাহরীন সায়ের, শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে আবদুল্লাহ আল ফাত্তাহ, শ্রম সম্পাদক পদে হাসান খসরু, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিব উল্লাহ তুহিন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদে ডা. মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে চিত্তরঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক পদে ডা. তাহসিন বাহার সূচনা, উপ দপ্তর সম্পাদক পদে নাইমুল হক এনাম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনামুল হক এনাম।

পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে আছেন-
আনজুম সুলতানা সীমা, সমীর চন্দ, ওমর ফারুক, আফসান মিয়া (সাবেক কাউন্সিলর), মির্জা মো: কোরাইসি, আবদুল ওয়াহিদ, রেজাউল করিম ভুলু, আমিনুল ইসলাম টুটুল, কাউন্সিলর আবুল হাসেম, মো: হেলাল উদ্দিন, কাইয়ুম খান বাবুল, কামল উদ্দিন, কাউন্সিলর আনোয়ার, আবদুল হান্নান, কাউন্সিলর নুর জাহান বেগম পুতুল, কাউন্সিলর কাউসারা বেগম সুমী, ইমরান বাচ্চু (সাবেক কাউন্সিলর), আবদুল মালেক, মিজানুর রহমান ইরান, ইমামুজ্জামান চৌ: শামীম, দুলাল মাহমুদ, শ্যামল ভট্টাচার্য, মো: আজহার, জহিরুল ইসলাম, কবির ভূইয়া, কাউন্সিলর হানিফ মাহমুদ, কাউন্সিলর মন্জুর কাদের মনি, গোলাম মোস্তফা, কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম, কাউন্সিলর রায়হান, কাউন্সিলর আজান, কাউন্সিলর নেহার বেগম, কাউন্সিলর আবুল হাসান, কাউন্সিলর আমিনুল ইকরাম।

উপদেষ্টা পরিষদে রয়েছেন-
অ্যাডভোকেট রুস্তম আলী, ডা. মো: শহিদুল্লাহ, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট কিরম ময় দত্ত ঝুনু, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর আবদুল রশিদ, প্রফেসর রুহুল আমিন ভূইয়া, এডভোকেট আলী আজাদ, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, আবদুল আলীম কাঞ্চন, এনায়েত উল্লাহ, নজরুল হক মজু, প্রবাল শেখর ভূইয়া মিঠু, নুর উর রহমান মাহমুদ তানিম, গোলাম মো: সিদ্দিকী পলিন।

সদর দক্ষিণে ১০০ টাকার জন্য সহকর্মীকে খুনের ঘটনায় আসামী রাব্বি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এস কে পেট্রল পাম্পে ১০০ টাকার জন্য সহকর্মীকে খুনের ঘটনায় হত্যাকারী মোঃ রাব্বি হোসেনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।

নিহত মোঃ মারুফ (১৯) সদর দক্ষিণ উপজেলার মৃত. হাফেজুর রহমানের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় গত ১০ মে নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ মে রাত সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাব্বিকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আসামী রাব্বি সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

শুক্রবার (১২ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, নিহত মারুফ ও হত্যাকারী রাব্বি প্রায় ৩ মাস আগে একসাথে এস কে ফিলিং ষ্টেশনে নজেলম্যান হিসাবে চাকুরীতে যোগদান করে। শিফট অনুযায়ী গত ০৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত ভিকটিমের ডিউটি ছিল এবং ভিকটিম বদলী হিসেবে তার সহযোগী রাব্বিকে ডিউটির দায়িত্ব বুঝিয়ে দেন। রাব্বি তার ডিউটি বুঝে পাওয়ার পর ভিকটিমের ডিউটি পালনকালে বিভিন্ন যানবাহনের চালকের নিকট হতে পাওয়া বকশিশের ১০০ টাকা ভাগ দাবী করে। এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে আসামী হঠাৎ অফিস রুমে চলে যায় এবং অফিস রুম থেকে একটি ধারালো ছুরি হাতে নিয়ে পুনরায় ঘটনাস্থলে এসে বেঞ্চের উপর বসা অবস্থায় মারুফকে বুকে ও গলায় উপরর্যপরি ছুরিকাঘাত করে হত্যাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায়। তারপর সে ঢাকা-চট্টগ্রামগামী বাসে করে ফেনীতে চলে যায় এবং একটি হোটেলে আত্মগোপনে থাকে। পরবর্তীতে সে কুমিল্লা থেকে ফেনী নিকটবর্তী হওয়ায় চট্টগ্রামে চলে যায়।

উল্লেখ্য যে, চট্টগ্রামে হত্যাকারীর কোন নিকটবর্তী আত্মীয়-স্বজন না থাকায় তার খালাতো ভাই মোঃ দেলোয়ার তাকে কুড়িগ্রামে তার বন্ধুর কাছে চলে যেতে বলে। তখন হত্যাকারী ১১ মে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে আত্মগোপনের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে র‌্যাব-১১ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে পদুয়ার বাজার বিশ্বরোডে উক্ত বাস থেকে তাকে গ্রেফতার করে। হত্যাকারীর স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি তার বাড়ির একটি রুমে চাউলের ড্রামের নিচে থেকে উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ১০ মে সকালে সদর দক্ষিণে বেলতলী বাজার সংলগ্ন এস কে পেট্রল পাম্পে কিশোর ভিকটিম মোঃ মারুফকে তার সহকর্মী হত্যাকারী মোঃ গোলাম রাব্বি ছুড়িকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মারুফ আহত অবস্থায় দৌড়ে তাদের স্টাফরুমের দিকে যায় এবং স্টাফরুমের দরজার সামনে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে ফিলিং স্টেশনের অন্যান্য স্টাফরা ছুটাছুটি করে এসে ভিকটিমকে র’ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা- নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীতে নারীসহ ৬ ডাকাত গ্রেফতার, দেশিয় অস্ত্র-গুলি উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই গ্রামে ডাকাতির ঘটনায় ১ নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার সরঞ্জামাদি, অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো, জেলার সদর উপজেলার দক্ষিণ মহতাপুর গ্রামের মো.মনির হোসেন (৪৫) ও তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই গ্রামের ইব্রাহিম খলিল (২১) আবুল কালাম (২২) রহমত উল্যা (৪৫) মো.জাবেদ(৩৮) জামালপুর গ্রামের মো.কামাল (৪৫)।

বৃহস্পতিবার (১১ মে) সকালের দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত রোববার ৮ মে উপজেলার নোয়ান্নই,বিনোদপুর ও ১ নং চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ডাকাত সর্দার মনিরকে গ্রেফতারের সময় ডাকাতদের পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মালামাল তার হেফাজতে রয়েছে। মালামাল গুলো তার বসত ঘরের ড্রামের ভিতর রয়েছে। তার ভাষ্যমতে অস্ত্র-মালামাল পাওয়া যায়নি। একপর্যায়ে আসামি জানায় তার স্ত্রী মালামাল সম্পর্কে জানে। পরবর্তীতে তার স্ত্রী জুলেখা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় ডাকাতির অস্ত্র ও মালামাল গুলো সে পার্শ্ববর্তী তার পিতার বসত বাড়ির উত্তর পাশে খড়ের আড়ার নিচে লুকিয়ে রেখেছে। তার তথ্য মতে একটি দেশীয় তৈরী পাইপগান, ১২টি কার্তুজ,২টি চাপাতি, ৩টি লোহার কোরাবারী, ১টি লোহার ছেনি, ৩টি টর্চ লাইট, ৪টি মুখোশ জব্দ করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটানয় দুটি মামলা হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।